ঝালকাঠিতে ১১ প্রতিবন্ধী ও চলাচলে অক্ষম ব্যক্তির মধ্যে হুইলচেয়ার বিতরণ

চলাচলে অক্ষম, অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে। একটি হুইলচেয়ার একজন মানুষের জীবনযাত্রায় বড় পরিবর্তন আনতে পারে।

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Jhalokati
প্রতিবন্ধী ও চলাচলে অক্ষম ব্যক্তিদের হুইলচেয়ার দেয়া হয়েছে
প্রতিবন্ধী ও চলাচলে অক্ষম ব্যক্তিদের হুইলচেয়ার দেয়া হয়েছে |নয়া দিগন্ত

মানবিক সেবার প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ঝালকাঠি পৌরসভার উদ্যোগে চলাচলে অক্ষম ও শারীরিক প্রতিবন্ধী ১১ জন ব্যক্তির মধ্যে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুর ১২টার দিকে ঝালকাঠি পৌরসভা চত্বরে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে ঝালকাঠি পৌরসভা।

বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি পৌর প্রশাসক মো: কাওছার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা মো: ফিরোজ আলম।

পৌরসভা সূত্রে জানা যায়, ফেসবুক পেজে আবেদন আহ্বানের পর মোট ১১টি আবেদন জমা পড়ে। পরে আবেদনকারীদের যাচাই-বাছাই করে সবাইকে হুইলচেয়ার পাওয়ার উপযুক্ত হিসেবে বিবেচনা করা হয়। আবেদনকারীদের মধ্যে চারজন পৌরসভার বাইরের ইউনিয়ন এলাকার বাসিন্দা হলেও তাদেরও হুইলচেয়ার দেয়া হয়েছে।

অনুষ্ঠানে জেলা প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা মো: ফিরোজ আলম বলেন, শুধু হুইলচেয়ার বিতরণই নয়, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি।

তিনি জানান, ঝালকাঠি জেলা সমাজসেবা কমপ্লেক্সে অবস্থিত প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে বিনামূল্যে ফিজিওথেরাপি, স্ট্রোকজনিত পক্ষাঘাতের চিকিৎসা, স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপি, অকুপেশনাল থেরাপি, অটিজম সেবা, হিয়ারিং ও ভিজ্যুয়াল টেস্ট, কাউন্সেলিং ও প্রয়োজন অনুযায়ী সহায়ক উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি অত্যাধুনিক থেরাপি ভ্যানের মাধ্যমে ভ্রাম্যমাণ চিকিৎসাসেবাও দেয়া হচ্ছে।

পৌর প্রশাসক মো: কাওছার হোসেন বলেন, চলাচলে অক্ষম, অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে। একটি হুইলচেয়ার একজন মানুষের জীবনযাত্রায় বড় পরিবর্তন আনতে পারে। দীর্ঘদিন ঘরবন্দী থাকা মানুষও এর মাধ্যমে সহজে চলাচল করতে পারেন এবং স্বাভাবিক জীবনে কিছুটা হলেও ফিরতে পারেন।

তিনি আরো বলেন, ভবিষ্যতে যদি আরো কোনো চলাচলে অক্ষম ব্যক্তির তথ্য পাওয়া যায় বা কেউ আবেদন করেন, তবে তাদেরও সহায়তার ব্যবস্থা করা হবে।

হুইল চেয়ার পাওয়া একজন সুবিধাভোগী বলেন, অনেক দিন ধরেই একটা হুইলচেয়ার খুঁজছিলাম। গত মাসের ২৭ তারিখ ফেসবুকে ঝালকাঠি পৌরসভা পেজে একটা পোস্ট দেখি বিনামূল্যে হুইলচেয়ার দেয়া হবে। তখন আবেদন করার পর খোঁজখবর নিয়ে আজকের আসতে বলেন।

এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, সুবিধাভোগী ব্যক্তিরা ও তাদের স্বজনরা উপস্থিত ছিলেন।