ফেনীতে সারজিস আলম

বিএনপি জুলাই সনদ ও ৩১ দফার সাথে প্রতারণা করছে

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে ফেনী জেলা এনসিপির সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

Location :

Feni
ফেনীতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সারজিস আলম
ফেনীতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সারজিস আলম |নয়া দিগন্ত

ফেনী অফিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তারাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘বিএনপি জুলাই সনদের সাথে তো প্রতারণা করেছেই, তারা নিজেদের ৩১ দফার সাথেও প্রতারণা করছে। এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য লজ্জাজনক। ফলে জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।’

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে ফেনী জেলা এনসিপির সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

সারজিস আলম বলেন বলেন, ‘গত ছয় মাসে বিএনপি সরকার খুবই অজনপ্রিয় হয়ে পড়েছে। মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, গ্যাসের মূল্য বৃদ্ধি ও দীর্ঘ লোডশেডিংয়ের মধ্যে মানুষ জীবন পার করছে। আমরা দেখতে পাচ্ছি প্রতিটি প্রতিষ্ঠান দলীয়করণ করা হচ্ছে। সব জায়গায় স্বজনপ্রীতি করা হচ্ছে। এমনকি তারা ইউনিয়ন পরিষদেও প্রশাসক বসাচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা যদি স্থানীয় নির্বাচনে জনগণের কাছে যেতে পারি তাহলে জনগণ আমাদের কাছে টেনে নিবে। সে লক্ষ্যে আমাদের সাংগঠনিক ভিত্তিটা শক্তিশালী করব। আমরা আশা করছি, নভেম্বরের মধ্যে যত ইউনিয়ন আছে সব ইউনিয়নে এককভাবে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করব। পাশাপাশি সেপ্টেম্বরের মধ্যে শতাধিক উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করা হবে।’

জেলা এনসিপির আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকতের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিকের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সূজা উদ্দিন, যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন ও সংগঠক মনসুর আব্দুল্লাহ।

সভায় জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মনসুর, যুগ্ম সদস্য সচিব মুহাইমিন তাজিম, সোনাগাজী উপজেলার আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, জেলা যুবশক্তির আহ্বায়ক পারভেজ আহমদ, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক সোহরাব হোসেন শাকিল, প্রিন্স মুহাম্মদ আজিম ও কৃষক শক্তির শাহেদুল ইসলাম সোহেল বক্তব্য রাখেন।

কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, ‘ফেনী জেলা বিএনপি খালেদা জিয়ার বিএনপি না। এ বিএনপি আলাদা বিএনপি। ফেনীর বিএনপিতে চাঁদাবাজি চলে, চুরি-বাটপারি চলে। এখানে বালু লুট চলে। আমাদেরকে এখান থেকে বের হতে হবে। আমাদের নতুনভাবে চিন্তা করতে হবে। আপনাদের সবার কাছে যেতে হবে। এনিসিপিকে ফেনীবাসীর কাছে নিয়ে যেতে হবে। স্থানীয় যে সমস্যাগুলো আছে ওইগুলো নিয়ে কাজ করুন। তাহলে মানুষের আস্থা বাড়াতে পারবেন।’

যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত বলেন, ‘ফেনী কৌশলগত ও ভূ-রাজনৈতিক দিক থেকে একটি গুরুত্বপূর্ণ জেলা। বিশেষ করে ভৌগলিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ।’

সভায় ফেনী জেলা এনসিপিকে সেপ্টেম্বরের মধ্যে উপজেলা, অক্টোবরের মধ্যে পৌরসভা এবং ডিসেম্বরের মধ্যে ইউনিয়ন কমিটি গঠন সম্পন্ন করতে বলা হয়েছে।