হাত-পা বেঁধে নলকূপের ম্যানেজারকে নির্যাতন, ট্রান্সফরমার নিয়ে পালাল দুর্বৃত্তরা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানাধীন নলকা ইউনিয়নের দাদপুর পশ্চিমপাড়া খাসিয়াগাড়ী বিল এলাকায় গভীর রাতে একটি গভীর নলকূপের ম্যানেজারকে হাত-পা বেঁধে মারধর করে তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার ও তিনটি বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেছে।

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

Location :

Raiganj
হাত-পা বেঁধে নলকূপের ম্যানেজারকে নির্যাতন, ট্রান্সফরমার নিয়ে পালাল দুর্বৃত্তরা
হাত-পা বেঁধে নলকূপের ম্যানেজারকে নির্যাতন, ট্রান্সফরমার নিয়ে পালাল দুর্বৃত্তরা |নয়া দিগন্ত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানাধীন নলকা ইউনিয়নের দাদপুর পশ্চিমপাড়া খাসিয়াগাড়ী বিল এলাকায় গভীর রাতে একটি গভীর নলকূপের ম্যানেজারকে হাত-পা বেঁধে মারধর করে তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার ও তিনটি বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেছে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ১৮ থেকে ২০ জনের বিরুদ্ধে সলঙ্গা থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, বিএডিসির আওতাধীন একটি গভীর নলকূপের ম্যানেজার মো: আনিছুর রহমান (৫১) বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে সেচঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ১টার দিকে কয়েকজন ব্যক্তি জমিতে পানি দেওয়ার কথা বলে তাকে ডাকাডাকি করে। দরজা খুলতেই মুখোশধারী ১৮-২০ জন দুর্বৃত্ত ঘরে ঢুকে তার হাত, পা ও মুখ বেঁধে ফেলে।

এরপর দুর্বৃত্তরা লোহার রড ও কাঠের বাটাম দিয়ে এলোপাতাড়ি মারধর করে আনিছুর রহমানকে অচেতন করে ফেলে। পরে তারা সেচঘর সংলগ্ন বৈদ্যুতিক খুঁটি থেকে ১০ কেভিএ ক্ষমতাসম্পন্ন তিনটি ট্রান্সফরমার এবং গভীর নলকূপের তিনটি বৈদ্যুতিক মিটার খুলে নিয়ে যায়। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ২০ হাজার টাকা।

শুক্রবার সকালে আনিছুর রহমান বাড়িতে না ফেরায় তার স্ত্রী মরজিনা বেগম নলকূপে গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে দ্রুত সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উল্লেখ্য, গত দুই বছরে দুইবার তার এই গভীর নলকূপ থেকে ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।’