নওগাঁর মহাদেবপুরে হাসিনা বানু (৫৪) নামের এক নারীকে নির্যাতনের ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মণ্ডলসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
শনিবার (১৩ জুন) নিযার্তনের শিকার হাসিনা এ মামলা করেন।
ভুক্তভোগী হাসিনা উপজেলার মহিষবাথান সরদারপাড়া গ্রামের আহাদ আলী ওরফে বাবর আলীর স্ত্রী।
মামলা সূত্রে জানা গেছে, ভূমি দখল, নির্যাতন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিএনপি নেতা আব্দুল মতিনের বিরুদ্ধে স্থানীয়রা বৃহস্পতিবার দুপুরে গাহলীর মোড়ে মানববন্ধন করে। ওই মানববন্ধনে ভুক্তভোগী হাসিনা আব্দুল মতিনের বিভিন্ন অপকর্ম তুলে ধরে বক্তব্য দেন। এরই জেরে শুক্রবার সকালে আব্দুল মতিনের আত্মীয়-স্বজন ও সমর্থকরা হাসিনার বাড়িতে গিয়ে তাকে গাছের সাথে বেঁধে নির্যাতন করে।
হাসিনার পরিবারের দাবি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিনের নির্দেশে তার সমর্থকরা শুক্রবার সকালে মহিষবাথান সরদারপাড়ায় তার বসতবাড়িতে এ হামলা করে। তাকে একটি ডাব গাছের সাথে বেঁধে মারধর করা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে হাসিনাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
হাসিনা বানু জানান, মানববন্ধনে আব্দুল মতিনের বিভিন্ন অপকর্ম তুলে ধরে বক্তব্য দেয়ার কারণে আব্দুল মতিনের আত্মীয়-স্বজন ও সমর্থকদের মধ্যে জুয়েল, টিপু, রমজান, আঞ্জুমান, শাহনাজ, মোনেক্কাসহ আরো কয়েকজন তাকে গাছের সাথে বেঁধে নির্যাতন করে। একপর্যায়ে তার সারা শরীরে মরিচের গুড়া ছিটিয়ে দিয়ে নির্যাতন করা হয়।
অভিযোগের বিষয়ে জানতে আব্দুল মতিনের সাথে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করে জানান, দলের একটি অংশের ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি। তার ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করতে একটি গ্রুপ হাসিনাকে ব্যবহার করে এ নিযার্তন নাটক সাজিয়ে তাকে হেনস্থা করার চেষ্টা করছে।
এ ঘটনার সাথে কোনো ভাবেই তার কোনো সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করেন তিনি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওমর ফারুক বলেন, ‘এ ঘটনায় মহাদেবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মন্ডলসহ ছয়জনকে আসামি করে শনিবার দুপুরে থানায় মামলা করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।’



