চুয়াডাঙ্গা দামুড়হুদা সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পৃথক অভিযানে জব্দ করা মালামালের বাজারমূল্য ৬৭ লাখ ৫০ হাজার টাকা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধীনস্থ দর্শনা, বাজিতপুর, মুজিপুর ও আইসিপি বিজিবির টহল দল সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৫০ বোতল ভারতীয় স্কাফ সিরাপ, ৩০ বোতল ভারতীয় মদ, ৩০ গ্রাম ভারতীয় হেরোইন, এক হাজার ৪০ পিস ভারতীয় সাইডেনাফিল ট্যাবলেট, ১০ হাজার ৮০০ পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট, ২৪ পিস বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকস, ২৫ পিস ভারতীয় চকলেট, একটি ভারতীয় কম্বল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হাসান বলেন, ‘দেশের সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।’
তিনি আরো বলেন, ‘বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তকে নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’



