ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান বাজার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ কেটে বহুতল ভবন নির্মাণের কাজ বন্ধ ও নির্মানাধীন ভবন সাত কার্য দিবসের মধ্যে অপসারণের নির্দেশ দেয়া হয়েছে। নয়া দিগন্তে এ বিষয়ে সংবাদ প্রকাশের পর তা প্রশাসনের নজরে আসে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) পানি উন্নয়ন বোর্ডের ভোলা পানি উন্নয়ন বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী আসফাউদদৌলার স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশ দেয়া হয়।
হাজারীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো: জুয়েল ও মো: ইব্রাহিমকে এ নির্দেশনা দেয় পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। উক্ত নির্দেশনা অমান্য করলে পানি উন্নয়ন বোর্ড দখলদারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বলে পত্রে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, চেয়ারম্যান বাজারের পশ্চিম ও দক্ষিণ পাশ সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের একটি অংশ কেটে বহুতল ভবন নির্মাণের কাজ শুরু করেছিলেন ইব্রাহীম ও জুয়েল। এতে ভবিষ্যতে বেড়িবাঁধের স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়।
স্থানীয়দের আশঙ্কা, এতে বর্ষা ও জলোচ্ছ্বাসের সময় বেড়িবাঁধ দুর্বল হয়ে ধসে পড়তে পারে। এতে আশপাশের বসতবাড়ি, বাজার ও জনপদ ঝুঁকির মুখে পড়তে পারে।
উপজেলা সহকারী কমিশনার ভূমি এমদাদুল হাসান বলেন, ‘অবৈধভাবে বেড়িবাঁধের ওপর নির্মাণাধীন কাজ বন্ধ রেখে সকল মালামাল অপসারণের জন্য সাত দিনের সময় দিয়েছেন পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। সাত দিনের মধ্যে অপসারণ না করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’



