ভৈরবে শতবর্ষী বটগাছ কাটার অভিযোগে আ’লীগ নেতার বিরুদ্ধে মামলা

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (কার্য) শেখ মোয়াজ্জেম হোসেন বলেন, গাছ কাটার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং অভিযোগের সত্যতা পেয়েছি। আব্দুল্লাহ আল মামুন তার অপরাধের কথা স্বীকার করেছেন।

সজীব আহমেদ, ভৈরব (কিশোরগঞ্জ)

Location :

Kishoreganj
গাছটি শুধু পরিবেশের সৌন্দর্যই বাড়ায়নি, বরং বহু পাখির আবাসস্থল হিসেবেও পরিচিত ছিল
গাছটি শুধু পরিবেশের সৌন্দর্যই বাড়ায়নি, বরং বহু পাখির আবাসস্থল হিসেবেও পরিচিত ছিল |ছবি : নয়া দিগন্ত

কিশোরগঞ্জের ভৈরবে রেলওয়ের সম্পত্তিতে থাকা একটি শতবর্ষী বটগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা ও ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে।

মঙ্গলবার রাতে পৌর শহরের বাগানবাড়ি এলাকায় অবস্থিত তার নিজস্ব রাইস মিলের ভেতরে গাছ কাটার অভিযোগের সত্যতা পান বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (কার্য) মোয়াজ্জেম হোসেন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক। এ ঘটনায় রাতেই ভৈরব থানায় একটি মামলা দায়ের করে রেলওয়ে কর্তৃপক্ষ।

জানা যায়, ঘটনার পর আব্দুল্লাহ আল মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য ভূমি অফিসে ডাকা হয়। এসিল্যান্ডের সাথে দেখা করার জন্য তিনি পাশের একটি রুমে বসা ছিলেন। পরে ভৈরব থানার এসআই আসিবুল পুলিশ ফোর্স নিয়ে রুমে ঢুকতেই অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুনসহ সাথে থাকা ব্যক্তিরা সেখান থেকে সরে পড়েন।

বুধবার (১৯ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, একসময় বিশাল বটগাছের ছায়ায় আচ্ছাদিত বাগানবাড়ি মোড় এখন খোলা আকাশের নিচে পড়ে আছে। স্থানীয়দের মতে, গাছটি শুধু পরিবেশের সৌন্দর্যই বাড়ায়নি, বরং বহু পাখির আবাসস্থল হিসেবেও পরিচিত ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা ও ব্যবসায়ী বলেন, বাগানবাড়ি মোড়ের প্রায় ১৫ থেকে ২০টি দোকান এই বটগাছের ছায়ায় ছিল। সকাল-সন্ধ্যা পাখির কিচিরমিচিরে এলাকা মুখরিত থাকত। হঠাৎ করেই আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতা গাছটি কেটে ফেলেছেন। আমরা ভয়ে কিছু বলতে পারিনি। এমন অন্যায়ের যথাযথ শাস্তি হওয়া উচিত।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (কার্য) শেখ মোয়াজ্জেম হোসেন বলেন, গাছ কাটার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং অভিযোগের সত্যতা পেয়েছি। আব্দুল্লাহ আল মামুন তার অপরাধের কথা স্বীকার করেছেন।

তিনি আরো বলেন, এ বিষয়ে কথোপকথনের সময় ভূমি অফিস থেকে আব্দুল্লাহ আল মামুন না বলে পালিয়ে যান। বিনা অনুমতিতে গাছ কেটে তিনি অপরাধ করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে শতবর্ষী গাছ কাটার বিষয়ে নিশ্চিত হয়েছি। সেখানে গাছের কাণ্ড, ডালপালা ও বিভিন্ন আকারের টুকরো পাওয়া গেছে।

আব্দুল্লাহ আল মামুনের ভূমি অফিস থেকে চলে যাওয়ার বিষয়ে তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকা হয়েছিল। কিন্তু হঠাৎ করে তিনি চলে যাওয়ায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি। রেলওয়ে আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, সরকারি রেলওয়ে ভূমিতে বিনা অনুমতিতে গাছ কাটা অপরাধে রেলওয়ে কর্তৃপক্ষ ১ জনের নাম উল্লেখসহ ৮/১০-কে অজ্ঞাত আসামি করে অভিযোগ দায়ের করেছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Topics