সিলেটে জেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহীদ দিবস’ পালিত

‘জুলাই আন্দোলন জাতিকে ঐক্যের শিক্ষা দিয়েছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই দীর্ঘদিনের অপশাসন থেকে মুক্তি সম্ভব হয়েছে।’

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, (ডানে) আলোচনা সভা
জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, (ডানে) আলোচনা সভা |নয়া দিগন্ত

সিলেটে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী এবং প্রধান বক্তা ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) আবদুল্লাহ আল মামুন।

প্রধান অতিথির বক্তৃতায় সিসিক প্রশাসক বলেন, ‘দীর্ঘ ১৭ বছরের অন্যায়, অবিচার, নিপীড়ন, গুম ও হত্যার বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের পুঞ্জীভূত সফলতা আসে ২০২৪ সালের জুলাই-আগস্টে।’

তিনি বলেন, ‘এ আন্দোলনে দলমত-নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেছিল।’ আন্দোলনের শহীদ ও আহতদের অবদান স্মরণ করে তাদের পাশে দাঁড়ানো এবং সরকারের পক্ষ থেকে শহীদ পরিবার ও আহত জুলাইযোদ্ধাদের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার কথা তিনি উল্লেখ করেন।

তিনি আরো বলেন, ‘জুলাই আন্দোলনে আহতদের সুচিকিৎসা, পুনর্বাসন ও শহীদ পরিবারের সার্বিক কল্যাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। রাষ্ট্র তাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।’ একইসাথে নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস ও আত্মত্যাগের চেতনা তুলে ধরার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

প্রধান বক্তা কয়েস লোদী বলেন, ‘জুলাই আন্দোলন জাতিকে ঐক্যের শিক্ষা দিয়েছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই দীর্ঘদিনের অপশাসন থেকে মুক্তি সম্ভব হয়েছে।’ ভবিষ্যতে যেন কেউ ক্ষমতার অপব্যবহার ও স্বৈরতান্ত্রিক শাসনের পথে না হাঁটে, সেজন্য দায়ীদের দৃষ্টান্তমূলক বিচারের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘প্রকৃত কোনো আহত জুলাইযোদ্ধা তালিকার বাইরে থাকলে যাচাই-বাছাই করে তাদের অন্তর্ভুক্ত করা হবে।’ তিনি শহিদ পরিবার ও আহতদের প্রতি সরকারি সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান।

আলোচনা সভায় জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিভিল সার্জন ডা: মো: নাসির উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার এনামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মোহাম্মদ শামসুজ্জামান, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবদুর রফিক, জুলাইযোদ্ধা সংসদ সিলেট জেলা শাখার সভাপতি লিটন আহমদ, আমরা জুলাইযোদ্ধা মহানগর শাখার সদস্য সচিব আবদুল মতিন, শহিদ পরিবারের সদস্য সাইফ আলম ও মো: রফিক উদ্দিন বক্তব্য দেন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদা পারভীন, শহিদ পরিবারের সদস্য, আহত জুলাইযোদ্ধা, সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে, নগরীর রিকাবীবাজারস্থ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, জেলা প্রশাসক, জুলাইযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।