ছাগলনাইয়ায় রৌশন আরা বেগম চৌধুরানী মসজিদের খতিবকে ঘোড়ার গাড়িতে রাজসিক বিদায়

দীর্ঘ ৫১ বছর টানা ফেনীর ছাগলনাইয়া উপজেলার মধ্যম শিলুয়া রৌশন আরা বেগম চৌধুরানী জামে মসজিদের খতিবের দায়িত্ব পালন শেষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিদায় নিলেন মাওলানা সামছুল হক (৯৫)।

Location :

Chagalnaiya
ছাগলনাইয়ায় রৌশন আরা বেগম চৌধুরানী মসজিদের খতিবকে ঘোড়ার গাড়িতে রাজসিক বিদায়
ছাগলনাইয়ায় রৌশন আরা বেগম চৌধুরানী মসজিদের খতিবকে ঘোড়ার গাড়িতে রাজসিক বিদায় |নয়া দিগন্ত

ছাগলনাইয়া-পরশুরাম (ফেনী) সংবাদদাতা

দীর্ঘ ৫১ বছর টানা ফেনীর ছাগলনাইয়া উপজেলার মধ্যম শিলুয়া রৌশন আরা বেগম চৌধুরানী জামে মসজিদের খতিবের দায়িত্ব পালন শেষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিদায় নিলেন মাওলানা সামছুল হক (৯৫)।

রাজসিক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে খতিব মাওলানা সামছুল হককে প্রদান করা হয়েছে নগদ ৪ লাখের বেশি টাকা ও বিপুল পরিমাণ উপঢৌকন।

বার্ধক্যজনিত কারণে বিদায়ী খতিবকে আগামী এক বছর চলমান সম্মানী প্রদান অব্যাহত রাখার পাশাপাশি একটি নির্দিষ্ট হারে আমৃত্যু পেনশন ও চিকিৎসা খরচ প্রদান করবে মসজিদ কমিটি।

সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত মসজিদের খতিবের সম্মানে বিদায় অনুষ্ঠান উপলক্ষে আয়োজন করা হয় মেজবানের।

মেজবানে আমন্ত্রিত অতিথিদের বেশিরভাগই এলাকার বিভিন্ন মসজিদে দায়িত্বপালনরত খতিব, মুয়াজ্জিন এবং মসজিদের সভাপতি-সেক্রেটারি।

খতিব মাওলানা সামছুল হকের সম্মানে ফুলে ফুলে সাজানো ঘোড়ার গাড়ি ও মোটরবাইকের র‍্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সসম্মানে ঘোড়ার গাড়িতে করে তাকে পৌঁছে দেয় তার বাড়িতে। ব্যতিক্রমী এই বিদায় অনুষ্ঠান পুরো এলাকায় ব্যাপক সাড়া ফেলে দিয়েছে।

চৌধুরী ক্লাবের সাধারণ সম্পাদক জাফর চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় ও মসজিদ কমিটির সভাপতি আনোয়ারুল আজিম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মসজিদের উপদেষ্টা রেজ্জাকুল হায়দার চৌধুরী আলমগীর, সেক্রেটারি কামরুল আহছান চৌধুরী, নুরুল আমিন চৌধুরীসহ বিভিন্ন মসজিদের খতিব এবং সভাপতি-সেক্রেটারিগণ।

বক্তারা বলেন, রৌশন আরা বেগম চৌধুরানী জামে মসজিদের খতিবকে অনুষ্ঠানের মাধ্যমে এমন সম্মানজনক বিদায় দেয়া সবার জন্য একটি স্মরণীয় ও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

জানা গেছে, ১৮৩৪ সালে প্রতিষ্ঠিত চৌধুরী বাড়ি মসজিদটি কয়েক বছর আগে ছাগলনাইয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেলের পরিবারের অর্থায়নে বহুতল ভবনে বড় পরিসরে তার মা ‘রৌশন আরা বেগম চৌধুরানী জামে মসজিদ’ নামে পুনর্প্রতিষ্ঠিত হয়।

বিদায়ী খতিব মাওলানা সামছুল হক প্রায় ৫০ বছর, তার বাবা মরহুম ইবাদ উল্লাহ মিয়াজী প্রায় ৮১ বছর এবং দাদা মরহুম মাওলানা হামিদ উল্যাহ মিয়াজী প্রায় ৬০ বছরসহ বংশানুক্রমে তাদের পরিবার প্রায় দুইশত বছর ধরে ওই মসজিদের খিদমতে নিয়োজিত ছিলেন বলে মসজিদ কমিটি ও এলাকাবাসী জানিয়েছেন।