মাধবদীতে ডাকাতদের কোপে গৃহকর্তা নিহত, আহত ১

নরসিংদীর মাধবদীতে ডাকাতদের কোপে শাহজাহান মিয়া (৫০) নামে এক গৃহকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় সুরুজ মিয়া (৭২) নামে আরেকজন গুরুতর আহত হন। ডাকাতরা স্বর্ণালঙ্কারসহ চার লাখ টাকার মালামাল লুট করেছে।

মাধবদী (নরসিংদী) সংবাদদাতা

Location :

Narsingdi
ঘটনাস্থলে জনগণের ভিড়
ঘটনাস্থলে জনগণের ভিড় |সংগৃহীত

নরসিংদীর মাধবদীতে ডাকাতদের কোপে শাহজাহান মিয়া (৫০) নামে এক গৃহকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় সুরুজ মিয়া (৭২) নামে আরেকজন গুরুতর আহত হন। ডাকাতরা স্বর্ণালঙ্কারসহ চার লাখ টাকার মালামাল লুট করেছে।

শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতে মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের বলবর্দী এলাকার শাজাহান মিয়ার ছোট ভাই মিলন মিয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গভীর রাতে আট থেকে ১০ জনের একদল ডাকাত মিলন মিয়ার বাড়িতে হানা দেয়। এ সময় ডাকাতি চলাকালে মিলন তার বড় ভাই শাহজাহানসহ কয়েকজনকে ফোন করে জানায় ডাকাতি হচ্ছে। পরে আশপাশের লোকজন এসে বাধা দিতে গেলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই শাজাহান মিয়ার মৃত্যু হয়।

এ সময় গুরুতর আহত হন তার চাচা সুরোজ মিয়া। ডাকাতরা প্রায় ২০ থেকে ২৫ মিনিট ধরে তাণ্ডব চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যান।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

স্থানীয়দের অভিযোগ, বর্তমানে মাধবদীতে আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি ঘটেছে। এর আগে, গত ১০ জুলাই মাধবদীর কাঠালিয়া এলাকায় এক রাতে তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। সে সময় বিএনপির সাবেক সভাপতির ছেলে শাহাদাতের বাড়ি থেকেই নগদ দুই লাখ টাকা ও ৪৩ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় ডাকাত দল।

ওই ডাকাতির ঘটনায় কোনো আসামি গ্রেফতার না হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির এই শিথিলতার সুযোগে আবারো নতুন করে এই ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে বলে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করছেন।