চট্টগ্রামের হাটহাজারীতে ভারতীয় শাড়ি ও থ্রিপিসবোঝাই একটি পিকআপ গাড়িসহ মো: আলমগীর হোসেন (৪২) ও মো: সেলিম (৩৪) নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে হাটহাজারী পৌর এলাকার ওয়ালটন শোরুমের সামনে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়ক থেকে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
থানা সূত্র জানিয়েছে, হাটহাজারী মডেল থানা পুলিশের উপপরিদর্শক এসআই (নিরস্ত্র) রুপন নাথের নেতৃত্বে পুলিশের একটি দল হাটহাজারী পৌর এলাকার ওয়ালটন শোরুমের সামনে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়ক থেকে ৪১টি ছালার বস্তায় থাকা ১ হাজার ২৩৮ পিস ভারতীয় শাড়ি ও সাতটি ছালার বস্তায় থাক ২৪৬ পিস ভারতীয় থ্রিপিসসহ একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়। এ সময় অবৈধ পথে ভারতীয় পণ্য আনার অভিযোগে মো: আলমগীর হোসেন (৪২) ও মো: সেলিমকে (৩৪) গ্রেফতার করা হয়।
এ ঘটনায় হাটহাজারী মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো: এমরান হোসেন বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।



