খুলনার কয়রায় সুন্দরবন থেকে পাচারকালে ১৪৫ কেজি হরিণের গোশতসহ একটি ডিঙি নৌকা জব্দ করেছে বন বিভাগ।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে জব্দ করা হরিণের মাংস কয়রা উপজেলা আদালত চত্বরে নেওয়া হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় উদ্ধার করা গোশত আদালত চত্বরের পাশে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনে বন্যপ্রাণী সংরক্ষণ ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহলের অংশ হিসেবে শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে নলিয়ান ফরেস্ট রেঞ্জের রেঞ্জার আল আমিন ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় হড্ডা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেনসহ টহল দলের সদস্যরা সুন্দরবনের বোতলখালী খাল এলাকায় অভিযান চালান।
অভিযানকারী দল ঘটনাস্থলে পৌঁছালে চোরাকারবারি ও পাচারকারীরা টের পেয়ে নৌকা ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি ডিঙি নৌকা, ১৪৫ কেজি হরিণের গোশত এবং হরিণের মাথা ও পা জব্দ করা হয়।
হড্ডা টহল ফাঁড়ির ওসি শাহাদাৎ হোসেন জানান, সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় এ ধরনের অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।



