কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) কুমিল্লা নগরীর ধর্মসাগরের পশ্চিম পাড়ের চেয়ারম্যান গলিতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় আসামি রয়েছেন সাজ্জাদ হোসেন স্বপন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে প্রচার-প্রচারণায়ও তিনি সক্রিয় ছিলেন বলে জানা গেছে। এছাড়া তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন।
ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ‘সাজ্জাদ হোসেন স্বপনকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা রয়েছে। এছাড়া অন্য কোনো থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে কি না, সে বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। আইনানুগ প্রক্রিয়া শেষে শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।’



