বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ মোবারক হোসাইন বলেছেন, ‘শুধুমাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামীই পারে দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে।’
তিনি বলেন, ‘ইসলামের বিজয় নিশ্চিত করতে প্রতিটি ঘরে ঘরে দ্বীনের দাওয়াত পৌঁছানোর ওপর গুরুত্ব দিতে হবে।’
শুক্রবার (১৭ জুন) রাজধানীর আগারগাঁওয়ের স্থানীয় একটি মিলনায়তনে শেরেবাংলা নগর থানা উত্তর জামায়াত আয়োজিত এক ষান্মাসিক রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মোবারক হোসাইন বলেন, ‘দ্বীনকে বিজয়ী করতে হলে জামায়াতের সকল স্তরের জনশক্তির মধ্যে জনসম্পৃক্ততা বাড়াতে হবে। একইসাথে দাওয়াতি কার্যক্রমের সম্প্রসারণ করতে হবে। প্রত্যেক ঘরে ঘরে ও প্রত্যেক ব্যক্তির কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাতে হবে।’
তিনি আরো বলেন, ‘নিজেদের মধ্যে নেতৃত্বের গুণাবলী সৃষ্টিসহ জ্ঞান ও তাকওয়া বৃদ্ধির জন্য বেশি বেশি করে কোরআন, হাদিস ও ইসলামী সাহিত্য অধ্যয়ন করতে হবে। তাহলেই আগামী দিনে একটি ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।’ তিনি স্বপ্নের সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
থানা আমির ও ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল আউয়াল আজমের সভাপতিত্বে ও সেক্রেটারি মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন শেরেবাংলা নগর উত্তর থানা নায়েবে আমির শাহ আজিজুর রহমান তরুণ, বাইতুলমাল সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।
তেজগাঁও উত্তরে কর্মী শিক্ষা শিবির
শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর মগবাজারস্থ আল ফালাহ মিলনায়তনে তেজগাঁও উত্তর থানা আয়োজিত এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
থানা আমির হাফেজ আহসান উল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি নাসিবুল হক পরিচালনায় কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির অব্দুর রহমান মূসা।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, কেন্দীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন, মুহম্মদ আতাউর রহমান সরকার, ড. মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহমান মূসা বলেন, ‘আল্লাহ তা’য়ালা আমাদের ওপর দ্বীন প্রতিষ্ঠার প্রচেষ্টার দায়িত্ব অপরিহার্য করে দিয়েছেন। তাই এ কর্তব্য থেকে কারো পক্ষেই পলায়নপর হওয়ার সুযোগ নেই। বরং জান ও মালের কোরবানি করেই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার প্রচেষ্টা চালাতে হবে।’ তিনি দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
উত্তরা পশ্চিমে জামায়াতের ষান্মাসিক দায়িত্বশীল সমাবেশ
শুক্রবার উত্তরা পশ্চিম থানা জামায়াতে ইসলামীর আয়োজনে উত্তরার স্থানীয় একটি মিলনায়তনে এক ষান্মাসিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
থানা আমির মাজহারুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি ফিরোজ আলমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মোহাম্মদ জামালউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তরের শূরা সদস্য ও জোনের সহকারী পরিচালক মাহবুবুল আলম মুকুল।
দারসুল কোরআন পেশ করেন মহানগরী উত্তরের শূরা সদস্য, ওলামা বিভাগ সভাপতি ড. মাওলানা মীম আতিকুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন থানার নায়েবে আমির মকবুল হোসেন খান, ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী অধ্যক্ষ সালাউদ্দিন সুমন, থানা অর্থ সম্পদক মশিউর রহমান শহিদুল ইসলাম, আবু সাঈদ প্রমুখ।



