ইসলামী আন্দোলনের জনপ্রিয়তা রুখতে বহুমুখী ষড়যন্ত্র চলছে : মুহাম্মদ শাহজাহান

‘ইসলামী আন্দোলনের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও গণসম্পৃক্ততা রুখে দিতে দেশি-বিদেশী নানা মহল বহুমুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কিন্তু ষড়যন্ত্র, অপপ্রচার কিংবা দমন-পীড়নের মাধ্যমে আদর্শিক আন্দোলনকে থামানো যায় না।’

আরফাত বিপ্লব, চট্টগ্রাম ব‍্যুরো

Location :

Chattogram
জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর এক শিক্ষা শিবিরে মুহাম্মদ শাহজাহান
জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর এক শিক্ষা শিবিরে মুহাম্মদ শাহজাহান |নয়া দিগন্ত

জামায়াতের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, ‘ইসলামী আন্দোলনের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও গণসম্পৃক্ততা রুখে দিতে দেশি-বিদেশী নানা মহল বহুমুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কিন্তু ষড়যন্ত্র, অপপ্রচার কিংবা দমন-পীড়নের মাধ্যমে আদর্শিক আন্দোলনকে থামানো যায় না।’

তিনি বলেন, ‘একজন ইসলামী নেতার সর্বপ্রথম পরিচয় হবে তাকওয়া, সততা, আমানতদারিতা ও আত্মত্যাগ। চরিত্রবান নেতৃত্বই সমাজে আস্থা সৃষ্টি করে এবং মানুষের হৃদয়ে স্থান করে নেয়। তাই সংগঠনের প্রতিটি দায়িত্বশীলকে ব্যক্তিজীবন, পারিবারিক জীবন ও সাংগঠনিক জীবনে ইসলামী আদর্শের বাস্তব অনুসরণ নিশ্চিত করতে হবে।’

শুক্রবার (২৪ জুলাই) জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানার উদ্যোগে আয়োজিত এক শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

চকবাজার থানা আমির আহমদ খালেদুল আনোয়ারের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরীর সঞ্চালনায় শিক্ষা শিবিরে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম এবং চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক। দারসুল কোরআন পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও চবি অধ্যাপক ড. মাওলানা নিজাম উদ্দিন।

এতে আরো উপস্থিত ছিলেন চকবাজার থানা জামায়াতের নায়েবে আমির মুহাম্মদ আবদুল হান্নান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ শহিদুল্লাহ, কর্মপরিষদ সদস্য জসিম উদ্দিন আল হাসান, চকবাজার ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ ইলিয়াছ, থানা কর্মপরিষদ সদস্য জাহাঙ্গীর আলম, এরশাদুল ইসলাম, সাইফুদ্দিন খালেদ, মাওলানা খালেদ জামালসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ।