ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে জনগণের দুয়ারে এসেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৪টায় বাগেরহাটের চিতলমারী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা এনসিপি আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া মানুষ সমান নাগরিক অধিকার ভোগ করবেন। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান হবে না। এ দেশের তরুণ ছাত্র-জনতা রাজপথে বুকের তাজা রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের বিদায় ঘটিয়েছে।’
তিনি বলেন, ‘এনসিপি একটি নতুন রাজনৈতিক দল। দেশ গঠনে আপনাদের সহযোগিতা চাই। আমরা তরুণ, আমাদের ভুল থাকতে পারে। আপনারা আমাদের ভুল ধরিয়ে দেবেন। নতুন রাজনৈতিক দল হিসেবে সংসদে এনসিপির ছয়জন এমপি আপনাদের কথা তুলে ধরছেন। আগামীতে আপনাদের সাথে নিয়ে ১৬০ জন সংসদ সদস্য নির্বাচিত হতে চাই।’
পথসভায় সভাপতিত্ব করেন এনসিপির চিতলমারী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী এফ এম শাহরিয়ার আল ইসলাম জুয়েল। যুগ্ম সমন্বয়কারী রফিকুল ইসলাম কাকা মিয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এবং জাতীয় নারী শক্তির সদস্যসচিব মাহামুদা আলম মিতু। এ ছাড়া এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও জুনায়েদ আহমেদ রাফি, কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন রনি, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ আহসান, খুলনা বিভাগীয় এনসিপির সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, বাগেরহাট জেলা এনসিপির আহ্বায়ক মোর্শেদ আনোয়ার সোহেল ও যুগ্ম আহ্বায়ক লাবিব আহমেদ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, ‘জান দেব, কিন্তু জুলাই দেব না। বাংলার মাটিতে শেখ হাসিনার দাফন হবে না। কারণ বাংলাদেশের মাটিতে শেখ পরিবারের রাজনীতি শেষ।’
পথসভা শেষে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে জুলাই পদযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।



