ফেসবুকে সবার কাছে ক্ষমা চেয়ে আবেগঘন একটি স্ট্যাটাস দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ময়মনসিংহের ফুলপুরে ছাত্রদলের এক নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর আগে তার দেওয়া স্ট্যাটাস ও একাধিক বিষাদপূর্ণ পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হলেও মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে উপজেলার আমুয়াকান্দা বাজার এলাকার নিজ বাড়ির একটি কক্ষ থেকে বিজয় পাল প্রলয় (২১) নামে ওই ছাত্রদল নেতার লাশ উদ্ধার করা হয়। তিনি ফুলপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে ফুলপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে।
স্বজন ও স্থানীয়দের ভাষ্য, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে নিজের ফেসবুক আইডিতে বিজয় পাল প্রলয় লিখেছিলেন, ‘আমি জেনে বা না বুঝে আপনাদের মনে কোনো প্রকার কষ্ট বা আঘাত দিয়ে থাকি, তাহলে নিজের কেউ একজন আপন ভেবে ক্ষমা করে দেবেন।’
এ ছাড়া তার টাইমলাইনে মানসিক অস্থিরতা ও হতাশার ইঙ্গিতবাহী আরও কয়েকটি পোস্ট ছিল। লাশ উদ্ধারের পর সেসব পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং নানা জল্পনা-কল্পনার জন্ম দেয়।
তবে তার মৃত্যুর কারণ নিয়ে স্থানীয়ভাবে বিভিন্ন আলোচনা থাকলেও সেগুলোর কোনোটি এখনো নিশ্চিত করেনি পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে মন্তব্য করতে রাজি হয়নি আইনশৃঙ্খলা বাহিনী।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, ‘ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।’



