পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ২০২৫ শিক্ষাবর্ষের ৩০৯ জন কৃতী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে পাকুন্দিয়া উপজেলা পরিষদ চত্বরে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাকুন্দিয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সাইদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট মো: জালাল উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. সারোয়ার আলম।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপম দাস, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আফছর উদ্দিন আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ভূঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন।
এতে স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মো: আব্দুল আহাদ বাচ্চু এবং অনুষ্ঠান পরিচালনা করেন মো: আশরাফুল আলম।
অনুষ্ঠান শেষে, বৃত্তি পরীক্ষা-২০২৫ এ অংশগ্রহণকারী ২৫টি স্কুলের ১ হাজার ২০০ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ৩০৯ জনকে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়। এদের মধ্যে, ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া ১০২ জন শিক্ষার্থীর প্রত্যেককে এক হাজার টাকা ও সাধারণ গ্রেডে বৃত্তি পাওয়া ২০৭ জন শিক্ষার্থীর প্রত্যেককে ৭০০ টাকা করে বৃত্তি প্রদান করা হয়।



