চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে আলোচিত র্যাব সদস্য হত্যা মামলার আরো এক আসামি মো: ইমরানকে (২৫) গ্রেফতার করেছে র্যাব-৭।
রোববার (২১ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার বিকেলে অভিযান চালিয়ে ওই আসামিকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, র্যাব সদস্য হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো: ইমরান সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুর এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে র্যাব-৭-এর একটি অভিযানিক দল সীতাকুণ্ডের সলিমপুরের পাথরীঘোনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব জানায়, গ্রেফতার ইমরান সীতাকুণ্ড উপজেলার পাথরীঘোনা এলাকার ছিন্নমূল ৮ নম্বর সমাজের বাসিন্দা। তার বাবার নাম আজাহার। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৭-এর সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, ‘র্যাব সদস্য হত্যা মামলার তদন্তের ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ইমরানকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।’
এর আগে, গত বৃহস্পতিবার একই মামলায় অভিযান চালিয়ে আলী আকবর নামে আরো এক আসামিকে গ্রেফতার করে র্যাব। তিনি সীতাকুণ্ড উপজেলার ছিন্নমূল ৪ নম্বর সমাজ এলাকার বাসিন্দা এবং আলী আহমদের ছেলে।
সূত্র : বাসস



