সিকৃবি ভিসি

পরিবেশ সংরক্ষণে সরকার ও নাগরিক সমাজকে একসাথে কাজ করতে হবে

‘ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে দীর্ঘদিনের অভ্যাস পরিবর্তন করে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো
ক্যাম্পাস পরিষ্কার কর্মসূচি
ক্যাম্পাস পরিষ্কার কর্মসূচি |নয়া দিগন্ত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মো: আলিমুল ইসলাম বলেছেন, ‘পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সরকার ও নাগরিক সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘অপরিকল্পিতভাবে যত্রতত্র বর্জ্য ফেলার কারণে ড্রেন, খাল ও জলাধার ভরাট হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে পরিচ্ছন্নতাকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।’

শুক্রবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করে এসব কথা বলেন তিনি।

সিকৃবি ভিসি বলেন, ‘ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে দীর্ঘদিনের অভ্যাস পরিবর্তন করে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’

তিনি আরো বলেন, ‘পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি প্রত্যেক নাগরিকের নৈতিক ও সামাজিক দায়িত্ব। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তোলা সম্ভব। যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও টেকসই পরিবেশ নিশ্চিত করবে।’

সিকৃবি পরিবেশ ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন, সিলেটের সহযোগিতায় আয়োজিত পরিচ্ছন্নতা অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন বিভিন্ন অনুষদের ডিন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন দফতরের পরিচালক, দফতরপ্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।