‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সারা দেশের ন্যায় নেত্রকোণার কেন্দুয়ায় উদ্বোধন করা হয়েছে সাংস্কৃতিক প্রতিযোগিতা।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, মানবতাবাদী ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে সরকারের এই উদ্যোগ।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আ ব মোকতাদের বিল্লাহ। সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: নাঈম-উল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন আহমেদ খোকন, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো: দেলোয়ার হোসেন, সম্পাদক ফারুক আহমেদ সোহাগসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষক-সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জামায়াতে ইসলামী কেন্দুয়া উপজেলা শাখার আমীর মো: সাদেকুর রহমান। পরে স্বাগত বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও সানজিদা চৌধুরী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম, মানবতাবাদী ও অসাম্প্রদায়িক আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ আরো বাড়বে।
প্রতিযোগিতার অংশ হিসেবে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নজরুলসংগীত পরিবেশন করে। তাদের পরিবেশনায় অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক আবহ।
আয়োজকরা জানান, নজরুলের সাহিত্য, সংগীত ও সাম্য-মানবতার দর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে দেশব্যাপী এ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা বিকশিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



