মুন্সীগঞ্জে শতবর্ষী পুকুর ভরাটের অভিযোগ

সীমানা বিরোধে দলিল লেখককে হত্যার হুমকি, থানায় অভিযোগ

মুন্সীগঞ্জ শহরের উত্তর কোর্টগাঁও এলাকায় প্রায় দুইশ’ বছরের একটি পুকুর জোরপূর্বক ভরাটের চেষ্টা এবং সীমানা বিরোধকে কেন্দ্র করে এক দলিল লেখককে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
সীমানা বিরোধে দলিল লেখককে হত্যার হুমকি, থানায় অভিযোগ
সীমানা বিরোধে দলিল লেখককে হত্যার হুমকি, থানায় অভিযোগ |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জ শহরের উত্তর কোর্টগাঁও এলাকায় প্রায় দুইশ’ বছরের একটি পুকুর জোরপূর্বক ভরাটের চেষ্টা এবং সীমানা বিরোধকে কেন্দ্র করে এক দলিল লেখককে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী সমীর কুমার দাস মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, উত্তর কোর্টগাঁও এলাকার বাসিন্দা সমীর কুমার দাস পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। বিরোধপূর্ণ আরএস ১৪১ নম্বর দাগভুক্ত পুকুরে উভয় পক্ষের মালিকানা থাকায় তিনি সরকারি আমিনের মাধ্যমে জমি ও পুকুরের সীমানা নির্ধারণের উদ্যোগ নেন।

এ লক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত আবেদনও করেন।

ভুক্তভোগীর অভিযোগ, শনিবার সকাল ১১টার দিকে প্রতিবেশী ইফতিখার উদ্দিন আরিফ ও সুরুজ মিয়া কোনো ধরনের সরকারি পরিমাপ ছাড়াই বিরোধপূর্ণ পুকুরে খুঁটি স্থাপন শুরু করেন।

খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানালে অভিযুক্তরা তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে মারধরের চেষ্টা চালানোর পাশাপাশি হত্যার পর লাশ গুম করার হুমকিও দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সমীর কুমার দাস জানান, ঘটনার সময় তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে তাকে থানায় লিখিত অভিযোগ দিতে পরামর্শ দেয়া হয়। অভিযোগ করার পরও প্রতিপক্ষ পুকুরে খুঁটি স্থাপনের কাজ অব্যাহত রেখেছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, ‘সরকারি মাপজোক ও সীমানা নির্ধারণের আগেই পুকুর দখল ও ভরাটের চেষ্টা চলছে। এতে যে কোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’

অভিযোগের বিষয়ে সুরুজ মিয়া বলেন, ‘অভিযোগকারীরা তিন শতাংশ জমির মালিক, আমরাও তিন শতাংশ জমির মালিক। আমরা পুকুরের অংশে যাইনি। তারা আমিন আনুক, আমরাও আমিন আনব। দুই পক্ষের উপস্থিতিতে পরিমাপ করে প্রকৃত সীমানা নির্ধারণ করা হোক।’

এ বিষয়ে সদর থানার তদন্ত কর্মকর্তা এসআই সজিব দে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উভয় পক্ষকে শান্ত থাকার পরামর্শ দেয়া হয়েছে। বিষয়টি জমি সংক্রান্ত হওয়ায় আদালতের মাধ্যমে আইনগত প্রতিকার নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।’

স্থানীয়দের অভিযোগ, শহরের বিভিন্ন এলাকায় একের পর এক পুকুর ও জলাশয় ভরাটের ঘটনায় পরিবেশের ভারসাম্য হুমকির মুখে পড়ছে। উত্তর কোর্টগাঁওয়ের এ বিরোধপূর্ণ পুকুর নিয়েও দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন তারা।