ভূরুঙ্গামারীতে ৫৫টি ভারতীয় মোবাইল ফোন জব্দ

উপজেলার শিলখুড়ি ইউনিয়নের আসাদমোড় নামক এলাকা থেকে মোবাইল ফোনগুলো জব্দ করা হয়।

Location :

Kurigram
ধলডাংগা সীমান্ত ফাঁড়ি
ধলডাংগা সীমান্ত ফাঁড়ি |নয়া দিগন্ত

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশ ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে চোরাই পথে ভারত থেকে আনা ৫৫টি মোবাইল ফোন জব্দ করেছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাতে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের আসাদমোড় নামক এলাকা থেকে মোবাইল ফোনগুলো জব্দ করা হয়। এসময় মোবাইল ফোন সেট চোরাকারবারের সাথে জড়িত থাকার অভিযোগে এনামুল হক অন্তর (২৬) নামের এক যুবককে গ্রেফতার করা হয়।

এনামুল শিলখুড়ি ইউনিয়নের উত্তর তিলাইয়ের বিএসসি পাড়া এলাকার ময়েন আলীর ছেলে।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও কুড়িগ্রাম-২২ বিজিবির ধলডাঙ্গা ক্যাম্প কমান্ডার সুবাদার মো: মতিউর রহমানের নেতৃত্বে পুলিশ ও বিজিবির একটি দল যৌথ অভিযান পরিচালনা করে। এসময় এনামুলের বসতবাড়ির হাঁস-মুরগীর খোঁয়াড়ে লুকিয়ে রাখা ৫৫টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ করা হয়। চোরাকারবারে জড়িত থাকার অভিযোগে এনামুল হক অন্তরকে গ্রেফতার করা হয়। জব্দকৃত ফোনের মধ্যে আইফোন, মটোরোলা, অপ্পো, রেডমি, রিয়েলমি ও ভিভো ব্যান্ডের ব্যবহৃত মোবাইল ফোন সেট রয়েছে। এসব মোবাইল ফোন সেটের অবৈধ সিজার মূল্য আনুমানিক ১৩ লাখ টাকা।

পুলিশ জানায়, শিলখুড়ির আসাদমোড় এলাকায় দীর্ঘদিন যাবত অবাধে ভারতীয় চোরাই মোবাইল ফোন সেট বিক্রি করা হচ্ছে। চোরাকারবারি চক্র ভারতের বিভিন্ন স্থানে চুরি বা ছিনতাই হওয়া মোবাইল ফোন সীমান্তের এপারে এনে বাংলাদেশের অভ্যন্তরে ছড়িয়ে দিচ্ছে। এতে অবৈধ ও রেজিস্ট্রেশনবিহীন আইএমইআই যুক্ত চোরাই মোবাইল ফোন দেশের অভ্যন্তরে ছড়িয়ে পড়ছে। অপরাধীচক্র এসব ফোন ব্যবহার করে দেশে অভ্যন্তরে অপরাধ সংঘটিত করে।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ‘আসাদমোড় এলাকাটি মোবাইল চোরাকারবারিদের আখড়ায় পরিণত হয়েছিল। বিজিবির সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করে অবৈধভাবে ভারত থেকে আনা মোবাইল ফোন সেট জব্দ করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে আগামীতেও বিজিবির সাথে সমন্বয় করে অভিযান পরিচালনা করা হবে।’