পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের সদ্য ঘোষিত কমিটির আনন্দ মিছিলে পদবঞ্চিত নেতাকর্মীদের ধাওয়ায় মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। এতে আনন্দে পদবঞ্চিত নেতাকর্মীরা তাৎক্ষণিক মিষ্টি বিতরণ করেন এবং নতুন কমিটিকে উপজেলার সাবেক যুবদলের নেতাকর্মীরাসহ সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেন তারা।
তারা অতি তাড়াতাড়ি এই কমিটি ভেঙে দিয়ে যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের দিয়ে কমিটি গঠন করতে কেন্দ্রীয় যুবদল নেতাদের প্রতি আহ্বান জানান।
এর আগে আংশিক কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে বিক্ষোভসহ ঝাড়ুমিছিলও করেছেন পদবঞ্চিতরা।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৫ টায় উপজেলার নতুন বাজার এলাকায় তৃতীয় দিনের মতো উপজেলা যুবদলের পদবঞ্চিত সাবেক নেতাকর্মীরা কমিটি বাতিলের দাবিতে পুলিশী বাধা উপেক্ষা করে বিক্ষোভ করেন। এরই মধ্যে নতুন কমিটির সভাপতি জাকির আলম মিলন ও সাধারণ সম্পাদক মো: জহিদুল ইসলাম রুবেলের নেতৃত্বে লেবুখালী থেকে দুমকির উদ্দেশ্যে মোটরসাইকেল শোভাযাত্রা ও আনন্দ মিছিল নিয়ে এলে পথিমধ্যে উপজেলা গেটে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ধাওয়া দিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেন। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
পরে সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদার, মো: শহিদুল ইসলাম, জসিমউদদীন শম্ভুস নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করেন। এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘অবিলম্বে কেন্দ্র ও জেলা থেকে এই বিতর্কিত আংশিক কমিটি বাতিল করে ত্যাগী ও সৎ রাজপথের নেতাদের সমন্বয়ে নতুন পুনর্গঠিত কমিটি গঠন করা না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সেলিম উদ্দীন বলেন, ‘আমরা উভয় পক্ষকেই শান্ত রাখার চেষ্টা করেছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে আছে যাতে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে।’



