চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে সংশ্লিষ্ট চারজন সহ ছয়জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) ও রোববার (৭ জুন) জোরারগঞ্জ থানার বারইয়ারহাট বাজার ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার সন্দেহভাজন আসামি সাকিব উদ্দিন (২০), মেহেদী হাসান (২২), মঈন উদ্দিন (১৯), জাহিদুল আলম ভুইয়া (৪৪), নজরুল ইসলাম জীবন (২৮) ও আইনুল ইসলাম লিমন (২০) কে আটক করা হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ‘গ্রেফতারদের মধ্যে চারজন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগের কর্মী, অপর দুজনকে ভিন্ন অভিযোগে গ্রেফতার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।’
তিনি আরো বলেন, ‘এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।’



