চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

বারবার তাগাদা দেয়া সত্ত্বেও বনবিভাগ গাছ কাটার উদ্যোগ গ্রহণ করেনি। যারফলে নতুন লাইন নির্মাণ কাজ শেষ হচ্ছে না।

এম এ রহিম, চৌগাছা (যশোর)

Location :

Jashore
বন্ধ রয়েছে বিদ্যুতের কাজ
বন্ধ রয়েছে বিদ্যুতের কাজ |নয়া দিগন্ত

যশোরের চৌগাছায় বনবিভাগ গাছ না কাটাতে বিদ্যুতের ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ। বারবার চিঠি দেয়া সত্ত্বেও সাড়া দিচ্ছে না বনবিভাগ।

যশোর পল্লীবিদ্যুৎ চৌগাছা জোনাল অফিস সুত্রে জানা যায়, চৌগাছা সাব-স্টেশনে বিদ্যুৎ সংযোগের জন্য একটি পুরাতন লাইন চালু রয়েছে। লাইনটাতে প্রায়ই বিদ্যুৎ বিভ্রাট ঘটে। সমস্যা সমাধানের জন্য ২০২৫ সালের প্রথম দিকে চৌগাছা-যশোর সড়কের পাশ দিয়ে চুরামনকাঠি বাজার থেকে নতুন করে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের নির্মাণ কাজ শুরু হয়।

মেসার্স দেশ এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান ইতোমধ্যে পোল বসানোর কাজ শেষ করেছেন। এখন তার টানানোর পালা। কিন্তু সড়কের পাশ দিয়ে যশোর জেলা পরিষদের অসংখ্য বড় বড় রেইন্ট্রি, কড়াই ও মেহগনি গাছ থাকায় তার টানাতে পারছেনা ঠিকাদারি প্রতিষ্ঠান।

সমস্যা সমাধানের জন্য বিদ্যুৎ বিভাগ প্রায় এক বছর পূর্বে যশোর জেলা প্রশাসক, চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার, যশোর ফরেষ্টার বিভাগা, যশোর পবিস-১ সিনিয়র জেনারেল ম্যানেজার, ডিজিএম চৌগাছা জেনাল অফিস, সংশ্লিষ্ট দফতরের সহকারী প্রকৌশলী ও বনবিভাগকে চিঠি দেন। কিন্তু দীর্ঘদিন পার হলেও বনবিভাগ এ ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। এদিকে নতুন লাইন নির্মাণ শেষ না হওয়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না।

এ ব্যাপারে চৌগাছা জোনাল অফিসের ডিজিএম আরিফুল কবীর মুহাম্মদ শোয়ায়েব বলেন, ‘আমরা বারবার তাগাদা দেয়া সত্ত্বেও বনবিভাগ গাছ কাটার উদ্যোগ গ্রহণ করেনি। যারফলে নতুন লাইন নির্মাণ কাজ শেষ হচ্ছে না। যে কারণে চৌগাছা উপজেলায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে সমস্যা হচ্ছে।’