সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি দিতে টানা বৃষ্টি উপেক্ষা করেও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ড্রেন পরিষ্কার এবং অবকাঠামো উন্নয়নের কাজ অব্যাহত রয়েছে। জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি নগরীর বিভিন্ন এলাকায় সড়ক উন্নয়ন ও সংস্কার কার্যক্রমও সমানতালে চলছে।
রোববার (১২ জুলাই) সন্ধ্যায় সিলেট মহানগরীর সমন্বিত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সাগরদিঘীরপাড়ে নবনির্মিত ওয়াকওয়ে, এসফল্ট সড়ক ও সড়কবাতির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, একটি আধুনিক, নিরাপদ ও জলাবদ্ধতামুক্ত নগরী গড়ে তোলাই সিটি করপোরেশনের লক্ষ্য। বৈরী আবহাওয়ার মধ্যেও পরিচ্ছন্নতা কর্মী ও প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। নগরবাসী যাতে সামান্য বৃষ্টিতেও জলাবদ্ধতার কারণে দুর্ভোগে না পড়েন, সে জন্য ড্রেন পরিষ্কার, নতুন ড্রেন নির্মাণ, সংস্কার এবং সড়ক উন্নয়ন কার্যক্রম জোরদার করা হয়েছে।
তিনি বলেন, শুধু উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করলেই হবে না, সেগুলোর সুষ্ঠু রক্ষণাবেক্ষণেও নাগরিকদের সচেতন ভূমিকা প্রয়োজন। ড্রেন ও খালে ময়লা-আবর্জনা না ফেললে জলাবদ্ধতা নিরসনের প্রচেষ্টা আরো কার্যকর হবে। পরিচ্ছন্ন ও বাসযোগ্য সিলেট গড়ে তুলতে সিটি করপোরেশন ও নগরবাসীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আব্দুল কাইয়ুম চৌধুরী আরো বলেন, যোগাযোগ ব্যবস্থা, ড্রেনেজ অবকাঠামো, সড়কবাতি ও জনবান্ধব নগর পরিবেশ নিশ্চিত করতে সিটি করপোরেশন ধারাবাহিকভাবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। সাগরদিঘীরপাড়ে নির্মিত নতুন ওয়াকওয়ে, এসফল্ট সড়ক ও সড়কবাতি স্থানীয় বাসিন্দাদের চলাচল সহজ করার পাশাপাশি এলাকার সৌন্দর্যও বৃদ্ধি করবে।
অনুষ্ঠানে সিসিকের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস, ওয়ার্ড বিএনপির সভাপতি সালেহ আহমদ, সহসভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক রাজীব কুমার দে, সৈয়দ আলী রেজা সাচ্চু, মাজহারুল ইসলাম মেনন, খন্দকার মাহবুব রব, সানাউল হক সানা, পারভেজ আহমদ, শামীম রেজা, মাহবুব, সুমন সিংহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাসিন্দারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সিসিক প্রশাসক নবনির্মিত ওয়াকওয়ে, এসফল্ট সড়ক ও সড়কবাতির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।



