মাদারীপুর-১ ও ২ এবং ফরিদপুর-১ আসনের সংরক্ষিত মহিলা আসনের এমপি হেলেন জেরিন খানকে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করেছেন শিবচর পৌর বিএনপির নেতা-কর্মীরা।
শনিবার (১৮ জুলাই) বিকেলে শিবচর পৌর অডিটোরিয়ামে এ সংবর্ধনা দেয়া হয়।
গত ৩ মে শপথ গ্রহণের পর দ্বিতীয়বারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হেলেন জেরিন খান শিবচরে এলে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
শিবচর পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম মল্লিকের সভাপতিত্বে এবং সদস্য সচিব আজমল হোসেন সেলিম খানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানটি শুরু হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হেলেন জেরিন খান বলেন, ‘আমাদের বাংলাদেশের নারীরা অনেক পিছিয়ে রয়েছে। নারীদের কাজের মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিতে হবে। শিবচরের নারীরা অনেক ধৈর্যশীল। ‘কোনকালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয়ালক্ষ্মী নারী।’ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কথায় নয়, কাজে বিশ্বাসী। তিনি আমাদের বলেছেন কাজের মাধ্যমে সামনে এগিয়ে যেতে হবে। তিনি দেশের প্রত্যেকটি নাগরিককে সুখে-শান্তিতে রাখতে চান। বর্তমান সরকার বাংলাদেশকে একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়তে চায়। তিনি আমাকে মাদারীপুরের মাটি ও মানুষের জন্য কাজ করতে বলেছেন। আমি বারবার শিবচরবাসীর কাছে ফিরে আসতে চাই।’
তিনি আরো বলেন, ‘আমি আমার নেতার কাছে ওয়াদা করেছি, কাজের মাধ্যমে শিবচরবাসীর অন্তরে জায়গা করে নিতে চাই। আমি এক সেকেন্ডের জন্যও শিবচরবাসীকে ভুলি না। দেশনায়ক তারেক রহমান আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তার মর্যাদা রক্ষা করব। জনগণের অধিকার আদায়ে এবং দলের হাতকে শক্তিশালী করতে আমি নিরলসভাবে কাজ করে যাব।’
তিনি আরো বলেন, ‘এই সম্মান কেবল তার ব্যক্তিগত নয়, বরং মাদারীপুর-১ ও ২ আসনের সর্বস্তরের জাতীয়তাবাদী শক্তির।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—মাদারীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, মাদারীপুর জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফকু, শিবচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হেমায়েত হোসেন খান, যুগ্ম-আহ্বায়ক হাজী আব্দুল মান্নান খান, যুগ্ম-আহ্বায়ক মো: হাসান আব্দুল্লাহ, শিবচর উপজেলা বিএনপি সদস্য আব্দুল হান্নান মিয়া, মাদারীপুর জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মো: কুতুব উদ্দিন মাদবর, শিবচর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুজ্জামান জামাল বেপারী, মাদারীপুর জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক বি এম নাজমুল হাসান মিলন, শিবচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক অ্যাডভোকেট ইমতিয়াজ আহমেদ তুরাগ খানসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের শীর্ষ নেতৃবৃন্দ।



