ভূমিমন্ত্রী

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে হবে

‘যারা সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও নারী ও শিশু নির্যাতনকারী, তারা জাতির শত্রু। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনো আপস করা হবে না।’

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
‘নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনি সুরক্ষা : চ্যালেঞ্জ ও প্রতিকার’ বিষয়ক সেমিনার
‘নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনি সুরক্ষা : চ্যালেঞ্জ ও প্রতিকার’ বিষয়ক সেমিনার |নয়া দিগন্ত

ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু বলেছেন, ‘নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে হবে।’

তিনি বলেন, ‘শিশুদের মানুষের মতো মানুষ করে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। এক্ষেত্রে পারিবারিক বন্ধনই সবচাইতে বড় ভূমিকা পালন করে।’

শনিবার (১৩ জুন) সকালে রাজশাহী নগরীর একটি হোটেলে আয়োজিত ‘নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনি সুরক্ষা : চ্যালেঞ্জ ও প্রতিকার’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পুলিশের রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয় এই সেমিনারের আয়োজন করে।

রাজশাহীর ঐতিহ্য ও সামাজিক নিরাপত্তার কথা স্মরণ করে ভূমিমন্ত্রী বলেন, ‘এক সময় রাজশাহীর সামাজিক বন্ধন এতোই অটুট ছিল যে, এটি বিশ্বের অন্যতম সুখী শহর হিসেবে স্বীকৃতি পেয়েছিল।’

তিনি আক্ষেপ করে বলেন, ‘গত ২০ বছরে মাদক ও কিছু অসাধু মানুষের কারণে সেই অবস্থার কিছুটা পরিবর্তন এসেছে।’

মন্ত্রী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘যারা সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও নারী ও শিশু নির্যাতনকারী, তারা জাতির শত্রু। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনো আপস করা হবে না। নিরাপদ রাজশাহী গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. হারুনুর রশিদ।

রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন ও নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, সিনিয়র জেলা ও দায়রা জজ এ এইচ এম মাহমুদুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক শারমিন আকতার ও আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

সেমিনারে প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা, বিভিন্ন বেসরকারি সংস্থা ও এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনের যথাযথ প্রয়োগ এবং দ্রুত বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।