আনোয়ারায় বালুমহল ও মিষ্টির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন এবং অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও একজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Anwara
মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে
মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে |নয়া দিগন্ত

চট্টগ্রামের আনোয়ারায় পৃথক অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন এবং অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও একজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার তৈলারদ্বীপ পুরাতন ফেরিঘাট ও সৈয়দকুচাইয়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের কারাদণ্ড দেয়া হয়।

আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু জাফর মজুমদার অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

তৈলারদ্বীপ পুরাতন ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে মো: ইউনুছ (২৬), হযরত আলী (৩৫) ও মো: সাইফুলকে (২২) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে প্রত্যেককে ১০০ টাকা অর্থদণ্ড ও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

অন্যদিকে, দুপুর ১টার দিকে সৈয়দকুচাইয়া এলাকায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনের দায়ে রাহি মিষ্টি মহলের মালিক মো: শুক্কুরকে (৪২) ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে অবৈধভাবে বালু উত্তোলন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের বিরুদ্ধে আনোয়ারায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।