রংপুরে চাঞ্চল্যকর ফোর মার্ডার

সিদ্ধান্ত ও মুগ্ধ দাসকে আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবী সমিতির

আমরা আইনজীবী সমিতি আলোচনা করে একটা সিদ্ধান্ত নিয়েছি, আপাতত এই মোকদ্দমায় যারা গ্রেফতার হবেন, তাদের পক্ষে আমরা আইনজীবীরা আইনজীবী হিসেবে মোকদ্দমা পরিচালনা করব না।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
রংপুর আইনজীবী সমিতির সংবাদ সম্মেলন
রংপুর আইনজীবী সমিতির সংবাদ সম্মেলন |সংগৃহীত

রংপুরের চাঞ্চল্যকর চার খুনের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের পক্ষে কোনো আইনি সহায়তা না দেয়ার ঘোষণা দিয়েছে রংপুর আইনজীবী সমিতি।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে রংপুর আইনজীবী সমিতি ভবনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আইনজীবী সমিতির সভাপতি জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) আফতাব হোসেন। এ সময় রংপুর সিটি করপোরেশনের প্রশাসক জাতীয়তাবাদী আইনজীবী সমিতির নেতা অ্যাডভোকেট মাহফুজুন নবী ডন, সমিতির সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আফতাব হোসেন বলেন, গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, ছেলে ও মেয়েসহ মোট চারজনকে হত্যা হতে হয়েছে। এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। রংপুরের ইতিহাসে এমন ধরনের একই পরিবারের নৃশংস হত্যাকাণ্ড এর আগে ঘটে নাই। আমরা রংপুর আইনজীবী সমিতির পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি।

তিনি বলেন, যারা ক্ষতিগ্রস্ত পরিবার, তাদেরকে আশ্বস্ত করতে চাই যে, আমরা রংপুর আইনজীবী সমিতির পক্ষ থেকে তাদের হত্যাকাণ্ডের ব্যাপারে যত প্রকার সহযোগিতা লাগে, আমরা আইনজীবীরা তাদের সহযোগিতা করব।

তিনি আরো বলেন, আমরা চাই যে, অরিজিনালি যারা দোষী তারা যেন শাস্তি পান। আর এটাকে কোনোভাবেই যেন রাজনীতিকরণ করা না হয়। মানে এটাকে রাজনৈতিকভাবে ভিন্নভাবে প্রবাহিত করার চেষ্টা যেন কেউ না করে।

আফতাব হোসেন বলেন, ফেসবুকে যেগুলো দেখতেছি, অনেকেই এটাকে রাজনীতিকরণ করার চেষ্টা করতেছে। যে জিনিসটা তদন্ত চলতেছে, তদন্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তো বলা যাবে না যে তদন্ত সঠিক হচ্ছে কি-না। আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে তদন্ত কাজ সম্পন্ন হওয়ার জন্য।

তিনি বলেন, আমাদের আইনজীবীদের বিরুদ্ধে তো অনেক অভিযোগ অনেকেই করে যে, উনারা টাকা-পয়সা পাইলে সবকিছুই করে। এজন্য আমরা আইনজীবী সমিতি আলোচনা করে একটা সিদ্ধান্ত নিয়েছি, পরবর্তীতেও যদি আমরা কোনো তথ্য-উপাত্ত না পাই বা কোনো কিছু না পাই, আপাতত এই মোকদ্দমায় যারা গ্রেফতার হবেন, তাদের পক্ষে আমরা আইনজীবীরা আইনজীবী হিসেবে মোকদ্দমা পরিচালনা করব না।

তিনি আরো বলেন, আমাদের এই সিদ্ধান্তটা আমরা এক সপ্তাহও রাখতে পারি, দুই সপ্তাহও রাখতে পারি, দুই মাসও রাখতে পারি, ছয় মাসও রাখতে পারি। আমরা লোকজনকে মেসেজ দিতে চাই যে, আইনজীবীরা টাকার বিনিময়ে অন্যায়কে যে সমর্থন করে, এই বক্তব্যগুলো সঠিক না।

উল্লেখ্য, ২১ আগস্ট ভোররাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকার নিজ বাড়িতে খুন হন রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রিতিলতা চক্রবর্তী, ছেলে জিলা স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী আয়ুশ ওরফে প্রিয়ম চক্রবর্তী ও মেয়ে কারমাইকেল কলেজ থেকে সদ্য ইংরেজি বিভাগ থেকে মাস্টার্স পাস করা আগামী ওরফে প্রার্থী চক্রবর্তী।