রাজাপুরে ২ হাজার টাকা না দেয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম

ঝালকাঠির রাজাপুরে দুই হাজার টাকা না দেওয়ায় মো. সাইফুল ইসলাম খান (৩৪) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।

Location :

Jhalokati
আহত মো. সাইফুল ইসলাম খান (৩৪)
আহত মো. সাইফুল ইসলাম খান (৩৪) |নয়া দিগন্ত

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে দুই হাজার টাকা না দেওয়ায় মো. সাইফুল ইসলাম খান (৩৪) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। ওই এলাকার আমানুল্লাহ তালুকদার (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের গাজিরহাট বাজারে এ ঘটনা ঘটে।

আহত সাইফুল ইসলাম খান গাজিরহাট এলাকার আব্দুল লতিফ খানের ছেলে এবং গালুয়া ইউনিয়ন যুবদলের নেতা। বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত আমানুল্লাহ তালুকদার পুটিয়াখালী এলাকার আব্দুল ওয়াদুদ তালুকদারের ছেলে।

আহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। শনিবার রাতে সাইফুল গাজিরহাট বাজারে মোশারফের চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় আমানুল্লাহ তার কাছে দুই হাজার টাকা দাবি করেন। টাকা দিতে না পারায় গালিগালাজ করা হলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে আমানুল্লাহ ধারালো চাকু দিয়ে সাইফুলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলে অভিযোগ করা হয়। এতে সাইফুল গুরুতর আহত হলে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আমানুল্লাহ পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশালে পাঠানো হয়।

স্থানীয়দের দাবি, আমানুল্লাহ পুটিয়াখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর। তিনি মাদকাসক্ত এবং মাদকের টাকা না দেওয়ায় নিজের বাবাকেও একাধিকবার মারধর করেছেন।

অভিযোগ অস্বীকার করে আমানুল্লাহ বলেন, ‘আমি সাইফুলের কাছে ৫০০ টাকা পেতাম। ওই টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাইফুল তার কাছে থাকা চাকু দিয়ে আমাকে কুপিয়ে আহত করেছে। নিজের চাকুতেই সে নিজে আহত হয়েছে।’

রাজাপুর থানার ওসি (তদন্ত) ফিরোজ কামাল বলেন, ‘এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’