ডিমলা (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারীর ডিমলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি দম্পতিকে তাদের এক সহযোগীসহ গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার বাবুরহাট বাজারসংলগ্ন ভোলারজুম্মা এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেফতার আসামিররা হলেন ডোমার উপজেলার কৃষি কলেজপাড়া এলাকার মো: সবুজ রহমান (৩১), তার স্ত্রী মোছা: জিবন্নাহার বীথি (২৫) ও মেলাপাঙ্গা এলাকার মরহুম ময়নুল ইসলামের ছেলে মো: সহিদুল ইসলাম (৩৪)।
সবুজ ও বিথী ডোমার উপজেলার স্থায়ী বাসিন্দা হলেও তারা ডিমলা উপজেলার ভোলারজুম্মা এলাকায় বিউটি বেগমের বাড়িতে ভাড়া থাকতেন।
ডিবি পুলিশের দাবি, ভাড়া বাসাকে নিরাপদ আস্তানা বানিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল এ চক্রটি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ নিয়ে বাড়ির মালিক বিউটি বেগম জানান, প্রায় ২০ দিন আগে ওই দম্পতি তার বাসাটি ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।
ডিবি জানায়, ওই ভাড়া বাসা থেকে গোপনে ইয়াবা কেনা-বেচা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি শুরু হয়। পরে তথ্যের সত্যতা নিশ্চিত হলে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার চালান কোথা থেকে এসেছে, কার মাধ্যমে সরবরাহ করা হয়েছে এবং এর সাথে আরো কারা জড়িত, এসব বিষয়ে অনুসন্ধান চলছে।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতের পাঠানো হবে।



