কিশোরগঞ্জে হোসেনপুরে ফিডার রোডের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় গুরুতর আহত আরেকজনকে উদ্ধার করে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) ভোরে হোসেনপুর-কিশোরগঞ্জ মহাসড়কের ডাহুর গোল পুকুর পাড় মাদরাসার কাছে থেকে লাশটি উদ্ধার করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠায় এবং অজ্ঞাতপরিচয় অন্য যুবককে গুরুতর আহত অবস্থায় সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
পুলিশ ও অন্য সূত্রে জানা গেছে, উপজেলার পুমদী ইউনিয়নের ডাহুরা গুলপুকুর পাড় সড়কের পশ্চিম পাশে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ ও আহত এক যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন হোসেনপুর থানা পুলিশকে জানালে তারা এসে লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির মুখে মেডিসিন যুক্ত লালা রয়েছে। তার গায়ে একটি শার্ট ও পড়নে লুঙ্গি ছিল। আহত যুবকের পড়নে শার্ট ও প্যান্ট ছিল।
এ ব্যাপারে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাশেদুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে লোকটি মাছ ব্যবসায়ী ছিলেন এবং দুর্বৃত্তরা চলতি গাড়ি থেকে তাকে এখানে ফেলে গেছে।
তিনি আরো জানান, আমরা লাশের সুরতহাল করেছি। ওই ব্যক্তির পরিচয় ও আশেপাশের লোকজনের মাধ্যমে দুর্বৃত্তদেরও শনাক্ত করার চেষ্টা চলছে।



