নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার

দল কোনো ব্যক্তির অপরাধের দায়িত্ব নিবে না। ইতোমধ্যে তাকে বহিষ্কার করার ব্যবস্থা নেয়া হয়েছে।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
ইয়াবাসহ গ্রেফতার ছাত্রদল নেতা রবিউল ইসলাম
ইয়াবাসহ গ্রেফতার ছাত্রদল নেতা রবিউল ইসলাম |নয়া দিগন্ত

বগুড়ার নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে এক হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উপজেলা ছাত্রদলের সহসভাপতি রবিউল ইসলাম (৩৬) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ তিন হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় টহলরত র‍্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশাযোগে ইয়াবা নিয়ে নুন্দহ গ্রামের দিকে যাচ্ছে। পরে র‍্যাব সদস্যরা নুন্দহ গ্রামের জনৈক মোজাম্মেলের বাড়ির সামনে নুন্দহ-মুরাদপুর সড়কে চেকপোস্ট বসান। রাত ৯টার দিকে একটি নম্বরবিহীন যাত্রীবাহী অটোরিকশা চেকপোস্টের কাছে এলে সেটি থামানো হয়। অটোরিকশায় থাকা একমাত্র যাত্রী রবিউল ইসলামকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তার পরিহিত জিন্স প্যান্টের বাম পকেটে থাকা জিপার ব্যাগে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। এরপর তার কাছে থেকে মোট এক হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে মাদক বিক্রির নগদ তিন হাজার ১৫০ টাকাও জব্দ করা হয়।

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক বলেন, ‘দল কোনো ব্যক্তির অপরাধের দায়িত্ব নিবে না। ইতোমধ্যে তাকে বহিষ্কার করার ব্যবস্থা নেয়া হয়েছে।’

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ‘তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ বুধবার আসামিকে বগুড়া কোর্ট হাজতে পাঠানো হয়েছে।’