ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ : নিহত ২, আহত ১৫

কয়েকটি বাড়িতে আগুন

সোমবার সকাল ৮টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

সজীব আহমেদ, ভৈরব (কিশোরগঞ্জ)

Location :

Bhairab

কিশোরগঞ্জের ভৈরবে বাজারের নামকরণককে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত দুইজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। কয়েকটি বাড়িঘরে আগুনও দেয়া হয়েছে। পরে পুলিশ, র‍্যাব ও প্রশাসনের লোকজন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোমবার (২৭ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রশাসনিক সূত্রে প্রথমে একজনের নিহতের তথ্য পাওয়া গেলেও পরে আরেকজন মৃত্যুর সংবাদ পাওয়া যায়।

নিহত ব্যক্তিরা হলেন মিরারচর গ্রামের আসাদ মিয়ার ছেলে মাসুদ (৪০) ও ফজলু মিয়ার ছেলে হিরণ মিয়া (৩৫)।

আহতদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের দুই পাশে গড়ে ওঠা একটি বাজারের নামকরণ নিয়ে প্রায় ৩০ বছর ধরে আকবরনগর ও মিরারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধ চলে আসছে। সম্প্রতি বিষয়টি নিয়ে আবারো উত্তেজনা সৃষ্টি হলে সোমবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন এবং ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

সংঘর্ষের কারণে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ ছিল। এছাড়া রেল চলাচলেও বিঘ্ন ঘটে। বর্তমানে ভৈরব স্টেশন থেকে ঢাকা অভিমুখে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু মূছা খান বলেন, ‘বাজারের নামকরণকে কেন্দ্র করে সকাল ৮টার দিকে আকবরনগর ও মিরারচর গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে দুইজন নিহত হয়েছেন এবং উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।’

ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আজিমুল হক বলেন, ‘দুপুর পৌনে ২টার দিকে পুলিশ ও র‍্যাবের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। সংঘর্ষে দুইজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। এছাড়া কয়েকটি বাড়িঘরে আগুন দেয়ার ঘটনাও ঘটেছে।’