রাজশাহী ব্যুরো ও বাঘা সংবাদদাতা
রাজশাহীর বাঘা উপজেলার একটি বাড়ির শয়নকক্ষ থেকে একই বিছানায় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি বিষের বোতল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আরিফপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম জামাল উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী স্বপ্না বেগম (৩৮)। তারা নিঃসন্তান ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুল ইসলাম পেশায় একজন ভ্যানচালক ছিলেন। এই বাড়িতে শুধু নিঃসন্তান দম্পতিই বসবাস করতেন। সোমবার রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকালে দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে স্বজন ও প্রতিবেশীরা তাদের ডাকাডাকি করেন। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় পাশের একটি কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে শয়নকক্ষের একই বিছানায় স্বামী-স্ত্রীর নিথর দেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেয়া হলে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, ঘটনাস্থল থেকে একটি বিষের বোতল উদ্ধার করা হয়েছে এবং লাশের মুখে বিষের গন্ধ পাওয়া গেছে। প্রাথমিকভাবে বিষক্রিয়ায় মৃত্যুর বিষয়টি ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।
তিনি আরো জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ দুটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।



