গাইবান্ধার সাদুল্লাপুরে বাসের ধাক্কায় গোলাম রাব্বানী নামে এক কলেজ হিসাবরক্ষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সাদুল্লাপুর-মাদারগঞ্জ সড়কের পশ্চিমপাড়া সাবেক সেবা অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
গোলাম রাব্বানী গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাটের বিষ্ণুপুর এলাকার বাসিন্দা। তিনি সাদুল্লাপুর সরকারি কলেজে হিসাবরক্ষক পদে চাকরি করছিলেন।
সাদুল্লাপুর সরকারি কলেজের প্রভাষক মাহমুদুল হক মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।
মাহমুদুল হক মিলন স্থানীয়দের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে গোলাম রাব্বানী তার সন্তানকে পশ্চিমপাড়ার আশ শিফা মাদরাসায় রাখতে যান। সেখান থেকে মোটরসাইকেলে করে বাসায় ফেরার সময় একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে বাসের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই গোলাম রাব্বানী নিহত হন।
সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তালেব বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।



