শ্রীনগরে বাসের ধাক্কায় নসিমনের চালক ও সহকারী নিহত

শনিবার (২৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়নের লস্করপুর চকেরপাড়া এলাকার হাঁসাড়া-বাড়ৈখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

Location :

Munshiganj
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত নসিমন
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত নসিমন |নয়া দিগন্ত

লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

মুন্সীগঞ্জের শ্রীনগরে বাসের ধাক্কায় থ্রি-হুইলার নসিমনের চালক ও তার সহকারী নিহত হয়েছেন।

শনিবার (২৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়নের লস্করপুর চকেরপাড়া এলাকার হাঁসাড়া-বাড়ৈখালী সড়কে দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফরিদপুরের সালথা উপজেলার বল্লব্দি এলাকার মজনু মিয়া (৩৬)। তিনি শ্রীনগরের মদনখালী এলাকায় ভাড়া থাকতেন এবং নসিমনের চালক ছিলেন। নিহত আরেকজন হলেন তার সহকারী দুলাল মনি দাস (৪২)। তিনি শ্রীনগরের শিবরামপুর এলাকার পরলোকগত সাধন মনি দাসের ছেলে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বাড়ৈখালী থেকে ঢাকাগামী বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাস লস্করপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমনের চালক ও সহকারী গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত দুলালের ভাই স্বপন মনি দাস জানান, শিবরামপুর হাট থেকে কাঠ পৌঁছে দিয়ে ফেরার পথে তারা এ দুর্ঘটনার শিকার হন।

এ বিষয়ে শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।