গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসাছাত্র নিহত

শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন আলী (১৭) পাবনা জেলার সুজানগর উপজেলার নেয়াপাড়া এলাকার রিপন মিয়ার ছেলে।

Location :

Gazipur

গাজীপুর মহানগর প্রতিনিধি
গাজীপুর মহানগরের গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় তামীরুল মিল্লাত কামিল মাদরাসার নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন আলী (১৭) পাবনা জেলার সুজানগর উপজেলার নেয়াপাড়া এলাকার রিপন মিয়ার ছেলে। সে পরিবারের সাথে গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার গাজীপুরা কাজীপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতো।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা সোয়া ৭টার দিকে গাজীপুরা বাসস্ট্যান্ডসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন ইয়াসিন। এ সময় একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। মাথায় আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা সঙ্কটাপন্ন হয়ে পড়ে।

খবর পেয়ে গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিক দক্ষিণ বিভাগের সদস্য ও টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইয়াসিনকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেলেও পুলিশ গাড়িটি জব্দ করে টঙ্গী পূর্ব থানায় নিয়ে গেছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। পালিয়ে যাওয়া চালককে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।