‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে নতুন গণতান্ত্রিক আন্দোলনের পরিবেশ সৃষ্টি হতে পারে’

চুয়াডাঙ্গায় কর্মী সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে ‘জুলাই সনদের’ প্রতিশ্রুত সংস্কারগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে, অন্যথায় দেশে নতুন করে গণতান্ত্রিক আন্দোলনের পরিবেশ সৃষ্টি হতে পারে।

মনিরুজ্জামান সুমন, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)
বক্তব্য দিচ্ছেন অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের
বক্তব্য দিচ্ছেন অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গায় জেলা জামায়াতে ইসলামীর সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘জুলাই সনদের প্রতিশ্রুত সংস্কারগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় জনগণের মধ্যে নতুন করে গণতান্ত্রিক আন্দোলনের পরিবেশ সৃষ্টি হতে পারে।’

শনিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে দর্শনা পৌর অডিটোরিয়ামে জেলার সকল ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিদের অংশগ্রহণে ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি সম্মেলনে তিনি এ কথা বলেন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির ও সংসদ সদস্য মো: রুহুল আমিন।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘ইতিহাসে কোনো স্বৈরাচারী সরকার জনগণের ইচ্ছার বিরুদ্ধে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। অতীতে দেশের মানুষ ভোটাধিকার হরণ, একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার নানা ঘটনার সাক্ষী হয়েছে। একটি জবাবদিহিমূলক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে জনগণের প্রত্যাশা বাস্তবায়ন এখন সময়ের দাবি।’

বিশেষ অতিথি যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোবারক হোসাইন বলেন, ‘সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূলের প্রতিটি ওয়ার্ডকে আরো কার্যকর ও সুসংগঠিত করতে হবে।’

আদর্শিক নেতৃত্ব, সাংগঠনিক শৃঙ্খলা এবং জনগণের কল্যাণে নিবেদিত কার্যক্রমের মাধ্যমে জামায়াতকে মানুষের আস্থার সংগঠনে পরিণত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অঞ্চল সহকারী পরিচালক অধ্যাপক আবু সাদেক এবং চুয়াডাঙ্গা-১আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল।

সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিরা অংশ নেন। শেষে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।