১৮ বছর ধরে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সাজা ঘোষণার পর থেকেই আসামি আজিম অত্যন্ত চতুরতার সাথে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।

মামুন হোসেন, ভান্ডারিয়া (পিরোজপুর)

Location :

Pirojpur
গ্রেফতার আসামি মো: আজিম হাওলাদার
গ্রেফতার আসামি মো: আজিম হাওলাদার |নয়া দিগন্ত

দীর্ঘ ১৮ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না, অবশেষে গ্রেফতার হলেন নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো: আজিম হাওলাদার (৩১)।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১০টার দিকে যৌথ অভিযানের মাধ্যমে ঢাকা কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আজিম ভাণ্ডারিয়া থানার উত্তর শিয়ালকাঠি গ্রামের মো: ইসলাম ওরফে ইসমাইলের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮, বরিশাল ও র‌্যাব-১০, কেরানীগঞ্জের একটি চৌকস আভিযানিক দল ঢাকার কেরানীগঞ্জ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে আসামি আজিম হাওলাদারকে গ্রেফতার করতে সক্ষম হয়।

মামলার বিবরণী থেকে জানা যায়, আজিম হাওলাদারের বিরুদ্ধে ২০০৮ সালের ১৭ মে ভাণ্ডারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩)-এর ৭ ধারায় একটি মামলা দায়ের করা হয়। পরে আদালত মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

সাজা ঘোষণার পর থেকেই আসামি আজিম অত্যন্ত চতুরতার সাথে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে সেটি কার্যকর করার জন্য ভাণ্ডারিয়া থানায় পাঠানো হয়। দীর্ঘদিন পলাতক থাকলেও র‌্যাব-৮ সর্বোচ্চ পেশাদারিত্ব ও আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে এই সফল অভিযান পরিচালনা করে। গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রথমে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

এ সম্পর্কে বুধবার (১৫ জুলাই) জানতে চাইলে ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, সাজাপ্রাপ্ত আসামি আজিমকে ইতোমধ্যেই ভাণ্ডারিয়ায় আনা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে।