চকরিয়ায় কাভার্ড ভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

চকরিয়া উপজেলার হারবাং স্টেশনের উত্তরে সাইফা কমিউনিটি সেন্টারের সামনে চট্টগ্রামমুখী কাভার্ড ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)

Location :

Chakaria
দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশাটি
দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশাটি |নয়া দিগন্ত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পণ্যবাহী কাভার্ড ভ্যানের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইমাম হোসেন (৩৯) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুই যাত্রী।

রোববার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হারবাং স্টেশনের উত্তরে সাইফা কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন হোসেন চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা এলাকার শামসুল আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, চকরিয়া উপজেলার হারবাং স্টেশনের উত্তরে সাইফা কমিউনিটি সেন্টারের সামনে চট্টগ্রামমুখী কাভার্ড ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনজন যাত্রী আহত হন।

পরে স্থানীয় লোকজন এসে আহতদের উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমাম হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দু’জনকে হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

চিরিঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় ইমন হোসেন নামে এক যাত্রী নিহত হয়েছে। কাভার্ড ভ্যানের চালক ঘটনার পর কৌশলে পালিয়ে গেছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।