টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত বন্য হাতির মৃত্যু

বন বিভাগের কর্মকর্তারা জানান, চলমান ভারী বর্ষণের কারণে পাহাড়ি বনাঞ্চলের ঢালগুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এতে হাতিসহ বিভিন্ন বন্য প্রাণীর দুর্ঘটনার শিকার হওয়ার আশঙ্কা বেড়েছে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Teknaf

কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে পড়ে গুরুতর আহত হওয়া একটি বন্য মা হাতি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বন বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসকদের সম্মিলিত প্রচেষ্টা সত্ত্বেও রোববার (১২ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে হাতিটির মৃত্যু হয়।

বন বিভাগ জানায়, শনিবার টেকনাফ রেঞ্জের টেকনাফ সদর বিটের শিয়াল্যাঘোনা এলাকায় প্রায় ২০০ ফুট উঁচু পাহাড় থেকে হাতিটি নিচে পড়ে যায়। টানা ভারী বর্ষণে পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে হাতিটির পা ও পেটসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে।

খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে টেকনাফ উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি হাসপাতাল এবং দুলাহাজারা সাফারি পার্কের চিকিৎসকদের সহায়তায় তাৎক্ষণিক চিকিৎসা শুরু করেন। তবে সব চেষ্টা ব্যর্থ করে চিকিৎসাধীন অবস্থায় হাতিটি মারা যায়।

টেকনাফ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবদুর রশিদ বলেন, হাতিটির মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনিক চৌধুরী জানান, দুর্গম পাহাড়ি এলাকায় হাতিটি পড়ে থাকায় উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে বেগ পেতে হয়েছে। বর্তমানে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, চলমান ভারী বর্ষণের কারণে পাহাড়ি বনাঞ্চলের ঢালগুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এতে হাতিসহ বিভিন্ন বন্য প্রাণীর দুর্ঘটনার শিকার হওয়ার আশঙ্কা বেড়েছে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইদ্রিস বলেন, বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, একটি মা হাতি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। পেট থেকে রক্তক্ষরণ হচ্ছিল এবং যন্ত্রণায় ছটফট করছিল। পরে বন বিভাগের লোকজন এসে চিকিৎসার ব্যবস্থা করলেও শেষ পর্যন্ত হাতিটিকে বাঁচানো সম্ভব হয়নি।