রাস্তাটি দ্রুত সংস্কার করে দেন : মাসুদ সাঈদী

আশা করা যাচ্ছে দ্রুত টাকা বরাদ্দ দেয়া হবে। ইতোমধ্যে স্থানীয় সরকারের প্রতিমন্ত্রীকে নিয়ে একটি কমিটি গঠন হয়েছে।

আল আমিন হোসাইন, নাজিরপুর (পিরোজপুর)

Location :

Pirojpur
বক্তব্য রাখছেন মাসুদ সাঈদী এমপি
বক্তব্য রাখছেন মাসুদ সাঈদী এমপি |নয়া দিগন্ত

পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেছেন, ‘আওয়ামী লীগ মন্ত্রী-এমপিদের সাথে রাস্তার নামেও মামলা হয়েছে। নাজিরপুর টু বৈঠাঘাটা রাস্তা নিয়ে আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি, বরাদ্দ চেয়েছি। এই অঞ্চলের মানুষের যে কষ্ট আমি প্রধানমন্ত্রীকে বিনয়ের সহিত বলেছি আমার রাস্তাটি দ্রুত সংস্কার করে দেন।’

শুক্রবার (২৬ জুন) বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাদারবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে এক সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, ‘আপনারা সবাই জানেন রাস্তাটির নামে মামলা চলমান। এই রাস্তার মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন করে বরাদ্দ দেয়া যাবে না বললেন প্রধানমন্ত্রী। আমি বললাম, কবে নিষ্পত্তি হবে, কবে চার্জসিট দেবে দুদক সেই পর্যন্ত তো জনগণকে কষ্ট দেয়া যাবে না।’

তিনি বলেন, ‘আমি আশা করছি দ্রুত টাকা বরাদ্দ দেয়া হবে। ইতোমধ্যে একটি কমিটি গঠন হয়েছে স্থানীয় সরকারের প্রতিমন্ত্রীকে নিয়ে। খুব শীঘ্রই প্রতিমন্ত্রীকে পিরোজপুর নিয়ে আসব এবং তাকে দিয়ে টাকা বরাদ্দ করাবো।’

তিনি আরো বলেন, ‘আমরা যারা বিরোধী মতের বিরোধীদলের আমাদের মূল বন্টন থেকে বঞ্চিত করা হচ্ছে। আমাদের চারটি বরাদ্দের দু’টি বরাদ্দ দেয়া হয়েছে। আট থেকে ১০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। যেখানে মূল বরাদ্দ ছিল প্রায় এক কোটি টাকা। বাকি দু’টি বরাদ্দ থেকে আমাদেরকে একটি বরাদ্দ দেয়া হয়নি। ইনসাফ প্রতিষ্ঠার জন্য, সুন্দর একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের সন্তানরা জীবন দিয়েছে। যে সুষম বাংলাদেশ বন্টনের জন্য আমাদের সন্তানরা জীবন দিল। এই জীবন দেয়ার আর কি দরকার ছিল।’

সংসদ সদস্য বলেন, ‘একই ধারাবাহিকতায় যদি রাষ্ট্র চলে তাহলে আমাদের জীবন দেয়া, রক্ত দেয়া, সংগ্রাম করা, আন্দোলন করার কী দরকার ছিল। আমরা আশা করি সরকারের বোধদয় হবে এবং অতীতের সরকার থেকে শিক্ষা নেবে এবং সেই শিক্ষা থেকে অতি দরিদ্র এলাকা এবং বাংলাদেশের অংশ হিসেবে বরাদ্দ দিবে। আমরা এই এলাকার নাগরিক, এই এলাকার বাসিন্দা, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা বাংলাদেশী এই হিসেবে আমাদের বরাদ্দ দেবে।’

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জহিরুল হক, নাজিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রাজ্জাকসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতারা।