সাভারে যুবককে পিটিয়ে হত্যার মামলায় ৩ আসামি রিমান্ডে

সাভার থানার উপপরিদর্শক (এসআই) মো: রফিকুল ইসলাম জানান, গ্যারেজ মালিক নুরুজ্জামানসহ গ্রেফতার তিন আসামি প্রাথমিকভাবে যুবক আবুল খায়েরকে পিটিয়ে হত্যার দায় স্বীকার করেছেন।

Location :

Dhaka
সাভার মডেল থানার হত্যা মামলায় তিন আসামির এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত
সাভার মডেল থানার হত্যা মামলায় তিন আসামির এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত |নয়া দিগন্ত

সাভার (ঢাকা) সংবাদদাতা

সাভারে অটোরিকশা চুরির অপবাদ দিয়ে এক যুবককে পিটিয়ে হত্যা দায়ের করা মামলায় গ্রেফতার গ্যারেজ মালিক নুরুজ্জামান (৩৫), অটোরিকশা চালক শুভ ও আলমগীরের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত প্রত্যেকের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় মামলার তদন্তকারী কর্মকর্তা ও সাভার মডেল থানার (এসআই) মো: রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

সাভার থানার উপপরিদর্শক (এসআই) মো: রফিকুল ইসলাম জানান, গ্যারেজ মালিক নুরুজ্জামানসহ তিন আসামি যুবক আবুল খায়ের পাটওয়ারীকে পিটিয়ে হত্যার দায় প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকার করেছেন।

মামলা সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সাভার পৌর এলাকার উলাইলে মানসিক প্রতিবন্ধী আবুল খায়ের ভাত খেতে চেয়ে একটি রিকশার হাতল ধরে দাঁড়িয়ে ছিলেন, তখন সেখানে থাকা গ্যারেজ মালিক নুরুজ্জামান তাকে চোর অপবাদ দিয়ে মারধর শুরু করেন। পরে আশপাশের লোকজন জড়ো হয়ে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মৃত্যুর পর দুই ব্যক্তি নিহত আবুল খায়েরের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রেখে পালিয়ে যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের ছোট ভাই শাহপরান পাটওয়ারীর দায়ের করা হত্যা মামলায় পুলিশ অভিযুক্ত তিন আসামিকে গ্রেফতার করে।