গোবিন্দপুর সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি-গ্রামবাসী

গভীর রাত থেকে গোবিন্দপুর এলাকার বিভিন্ন স্থানে বিজিবি সদস্যরা মোতায়েন রয়েছেন। পাশাপাশি গ্রামের মোড়ে মোড়ে লাঠি হাতে স্থানীয় পুরুষ ও নারীরা অবস্থান করছেন।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
পুশইন ঠেকাতে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ
পুশইন ঠেকাতে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ |নয়া দিগন্ত

দিনাজপুরের গোবিন্দপুর সীমান্ত দিয়ে নারীসহ ২৮ জন ভারতীয়কে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসী।

রোববার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার পর বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর বিওপির গোবিন্দপুর সীমান্তে এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই এলাকা দিয়ে পুশইন ঠেকাতে বিজিবির সাথে সতর্ক অবস্থানে রয়েছেন গ্রামবাসী।

দাউদপুর বিওপির ক্যাম্প কমান্ডার মাহাবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে গভীর রাত থেকে গোবিন্দপুর এলাকার বিভিন্ন স্থানে বিজিবি সদস্যরা মোতায়েন রয়েছেন। পাশাপাশি গ্রামের মোড়ে মোড়ে লাঠি হাতে স্থানীয় পুরুষ ও নারীরা অবস্থান করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুন্যরেখায় পুশইনের চেষ্টায় ২৮ জন ভারতীয় নাগরিক ছিল। তাদের মধ্যে চারজন নারী এবং চব্বিশ জন পুরুষ। রাত ১টার দিকে তারা ভারতের কাঁটাতারের বেড়ার ভেতরে প্রবেশ করে।

স্থানীয় দাউদপুর বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মাহাবুর রহমান বলেন, ‘পুশইনের ঘটনা আমরা ঠেকিয়েছি। স্থানীয় গ্রামবাসী আমাদের সহায়তা করেছেন। আমাদের পাশাপাশি গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে টহল দিচ্ছেন। আমরা সতর্ক অবস্থায় আছি।’