ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে

‘রাষ্ট্রীয় ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে সরকারের অদক্ষতার কারণে জনগণের মধ্যে হতাশা ও উদ্বেগ বাড়ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রশাসনিক দুর্বলতা এবং জনভোগান্তি নিরসনে কার্যকর উদ্যোগের অভাব দেশের মানুষের প্রত্যাশাকে ব্যাহত করছে।’

শরীয়তপুর প্রতিনিধি

Location :

Shariatpur
শরীয়তপুরে মতবিনিময় সভায় ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ
শরীয়তপুরে মতবিনিময় সভায় ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, ‘রাষ্ট্রীয় ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে সরকারের অদক্ষতার কারণে জনগণের মধ্যে হতাশা ও উদ্বেগ বাড়ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রশাসনিক দুর্বলতা এবং জনভোগান্তি নিরসনে কার্যকর উদ্যোগের অভাব দেশের মানুষের প্রত্যাশাকে ব্যাহত করছে।’

রোববার (৭ জুন) দুপুরে জেলা জামায়াতের সম্মেলন কক্ষে শরীয়তপুর জেলার উপজেলা দায়িত্বশীলদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

হামিদুর রহমান আযাদ বলেন, ‘জনগণ একটি দায়িত্বশীল, জবাবদিহিমূলক ও জনকল্যাণমূখী রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করে। কিন্তু গত কয়েক মাসের বাস্তবতায় দেখা যাচ্ছে, সরকারের বিভিন্ন পদক্ষেপ কাঙ্খিত ফলাফল অর্জনে ব্যর্থ হচ্ছে। এর ফলে সাধারণ মানুষ নিত্যদিনের জীবনযাত্রায় নানা সঙ্কট ও অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হচ্ছে। বিভিন্ন পত্রপত্রিকার উদ্বৃতি দিয়ে তিনি বলেন, মাত্র চার মাসে ১,১৪২টি হত্যা, ৫,৯৯৮টি নারী-শিশু নির্যাতন, ৩৪৭টি অপহরণ এবং ৪,০৯৯টি চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসব পরিসংখ্যানই বলে দেয় দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির নির্মম চিত্র। গণপিটুনি, ধর্ষণ, চাঁদাবাজি ও সহিংস ঘটনায় জননিরাপত্তা আজ চরম হুমকির মুখে। জনগণ নিরাপত্তা ও আইনের শাসনের কার্যকর বাস্তবায়ন দেখতে চায়।’

জাতীয় স্বার্থ, সুশাসন এবং জনগণের কল্যাণকে প্রাধান্য দিয়ে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে এবং দেশের চলমান সঙ্কট উত্তরণে কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা আমির আব্দুর রব হাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা নায়েবে আমির কে এম মকবুল হোসাইন, জেলা সেক্রেটারি মাসুদুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আনোয়ারুল হক ও মুহাম্মাদ মুজিবুল হক সহ কেন্দ্র ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।