গৃহবধূর মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে নলছিটিতে মানববন্ধন

বক্তারা অভিযোগ করেন, বিয়ের পর থেকেই শিরিনকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। একাধিকবার তিনি পরিবারের সদস্যদের কাছে নির্যাতনের কথা জানিয়েছিলেন। তাদের দাবি, শিরিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Jhalokati

বরিশাল নগরীতে গৃহবধূ শিরিন আক্তারের মৃত্যুর ঘটনায় দায়ীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন তার পরিবারের সদস্য ও স্বজনেরা।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে শিরিনের বাবার বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিরিনের বাবা শাহ আলম মোল্লা, মা নাজমিন বেগম, ভাই জাহিদুল ইসলাম এবং বোন রুমি আক্তার ও কলি আক্তার বক্তব্য দেন।

বক্তারা অভিযোগ করেন, বিয়ের পর থেকেই শিরিনকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। একাধিকবার তিনি পরিবারের সদস্যদের কাছে নির্যাতনের কথা জানিয়েছিলেন। তাদের দাবি, শিরিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

শিরিনের বাবা শাহ আলম মোল্লা বলেন, তার মেয়ের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

মা নাজমিন বেগম বলেন, ‘আমার মেয়ের মৃত্যুর বিচার চাই। যারা আমার মেয়ের জীবন নষ্ট করেছে, তাদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।’

ভাই জাহিদুল ইসলাম বলেন, মৃত্যুর আগে শিরিন তাকে ফোন করে নির্যাতনের কথা জানিয়েছিলেন। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন।

উল্লেখ্য, গত ৭ জুলাই বরিশাল নগরের চাঁদমারী এলাকায় স্বামীর ভাড়া বাসা থেকে শিরিন আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিরিনের বাবা শাহ আলম মোল্লা তার স্বামী এনামুল হক শাহিন, স্বামীর বোন খাদিজা ও নানি ফিরোজা বেগমের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা বরিশাল কোতোয়ালি থানার এসআই রাজিব হোসেন বলেন, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন গৃহবধূর বাবা। এ ঘটনায় শিরিনের স্বামী এনামুল হক শাহিনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।