সমাধানের আশ্বাসে জকিগঞ্জ ইউএনও’র উদ্যোগে খুলল গ্যাস ফিল্ডের তালা

সিলেটের জকিগঞ্জ গ্যাস ফিল্ডে অধিগ্রহণকৃত ভূমির ন্যায্য ক্ষতিপূরণ পরিশোধের দাবিতে ভূমির মালিকদের দেয়া তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে খুলে দেয়া হয়েছে।

জকিগঞ্জ (সিলেট) সংবাদদাতা

Location :

Sylhet
সমাধানের আশ্বাসে জকিগঞ্জ ইউএনও’র উদ্যোগে খুলল গ্যাস ফিল্ডের তালা
সমাধানের আশ্বাসে জকিগঞ্জ ইউএনও’র উদ্যোগে খুলল গ্যাস ফিল্ডের তালা |নয়া দিগন্ত

সিলেটের জকিগঞ্জ গ্যাস ফিল্ডে অধিগ্রহণকৃত ভূমির ন্যায্য ক্ষতিপূরণ পরিশোধের দাবিতে ভূমির মালিকদের দেয়া তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে খুলে দেয়া হয়েছে।

এ সময় জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার চন্দ ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের সাথে আলোচনা করে দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিপূরণের বিষয়টি নিষ্পত্তির আশ্বাস দেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে ইউএনও সুজিত কুমার চন্দ জকিগঞ্জ গ্যাস ফিল্ডে উপস্থিত হয়ে ভূমির মালিকদের সাথে মতবিনিময় করেন। আলোচনায় ইতিবাচক অগ্রগতির পর তাদের দেয়া তালা খুলে দেয়া হয়।

এ সময় ভূমির মালিকদের প্রতিনিধি ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা কৃষক দলের আহ্বায়ক ইকবাল আহমদ তাপাদার, খেলাফত মজলিসের নেতা মাওলানা মোস্তাফা আহমদ, যুবনেতা নুরুল হুদা ও মিজানুর রহমানসহ অন্যান্য ভূমির মালিক উপস্থিত ছিলেন।

জানা যায়, গত ২০ জুলাই অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য পরিশোধের দাবিতে ক্ষুব্ধ ভূমির মালিকরা গ্যাস ফিল্ডে তালা ঝুলিয়ে দেন। তাদের অভিযোগ, ২০১৭ সালে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) জকিগঞ্জ উপজেলার আনন্দপুর এলাকায় গ্যাসের সন্ধান পাওয়ার পর প্রায় ১৬ কিয়ার ভূমি অধিগ্রহণ করা হলেও দীর্ঘদিনেও অধিকাংশ ভূমির মালিক ন্যায্য ক্ষতিপূরণ পাননি।

স্থানীয়দের দাবি, ভূমি অধিগ্রহণের পর ক্ষতিপূরণ পরিশোধের আগেই গ্যাস ফিল্ডের কার্যক্রম শুরু হয়। জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে তারা তখন কোনো বাধা সৃষ্টি না করলেও বছরের পর বছর ক্ষতিপূরণ না পাওয়ায় ক্ষোভ বাড়তে থাকে। সম্প্রতি বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের পর্যায়ে বৈঠক হলেও কার্যকর সমাধান না আসায় তারা গ্যাস ফিল্ডে তালা দেয়ার কর্মসূচি পালন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ বলেন, ‘ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের যৌক্তিক দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিপূরণের চেক তাদের হাতে পৌঁছে দেয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। আলোচনার মাধ্যমে সমস্যার গ্রহণযোগ্য সমাধান নিশ্চিত করতে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে।’